অনেক জল্পনা-কল্পনা শেষে গত বৃহস্পতিবার সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে তার বার্ষিক পারিশ্রমিক বেড়ে হয়েছে ২০ কোটি ৯০ লাখ ইউরো। এছাড়া নতুন চুক্তিতে ২ কোটি ৮৭ লাখ ইউরো সাইনিং বোনাসসহ রয়েছে নানা বোনাসের প্রতিশ্রুতি। যেমন প্রতি গোলের জন্য ৯৩ হাজার ৯০০ ইউরো ও প্রতি অ্যাসিস্টের জন্য ৪৬ হাজার ৯৫০ ইউরো পাবেন তিনি।

রোনালদোর নতুন চুক্তিতে বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান। এএসের খবর বলছে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসেরের কাছ থেকে বছরে ৪৬ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ৬৭০৫ কোটি টাকা) পাবেন। দুই বছরে পাবেন ৯৩ কোটি ৬০ লাখ, যা প্রতি মাসে ৩ কোটি ৯ লাখ, প্রতি সপ্তাহে ৮৯ লাখ এবং প্রতি দিনে ১২ লাখ ৮৮ হাজার ডলার হয়। তিনি প্রতি ঘণ্টার আয় ৫৩ হাজার ৬৬৬, প্রতি মিনিটে ৮৯৪ এবং প্রতি সেকেন্ডে ১৫ ডলার পাবেন!

আল নাসের সৌদি প্রো লিগ জিতলে ৮০ লাখ পাউন্ড ও নিজে সৌদি প্রো লিগ গোল্ডেন বুট জিতলে ৪০ লাখ পাউন্ড বোনাস পাবেন রোনালদো।

সান বলছে, চুক্তিতে আল নাসেরের মালিকানার ১৫ শতাংশও দেয়া হয়েছে রোনালদোকে, যার মূল্য ৩ কোটি ৩০ লাখ পাউন্ড।

এসবের বাইরে ড্রাইভার, হাউজকিপার, শেফ, গার্ডেনার, নিরাপত্তাকর্মীসহ সার্বক্ষণিক ১৬ জন কর্মীর খরচ বহন করবে আল নাসের। সেই সঙ্গে তার প্রাইভেট জেটের ৪০ লাখ পাউন্ড খরচও দেবে। ৬ কোটি পাউন্ড মূল্যের স্পন্সরশিপ চুক্তির ব্যবস্থার কথাও আছে চুক্তিতে।