জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি-এ লিগে শিরোপার ঘ্রাণ পাচ্ছে
নাপোলি। আর একটি জয় পেলেই ৩৩ বছর পর লিগ শিরোপা যাবে নেপলসে। যদিও নাপোলি কোচ
লুসিয়ানো স্পালেত্তি বেশ সাবধানি। তিনি বলেছেন, উদযাপনের সময় এখনো আসেনি।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে এসি মিলানের কাছে হেরে
বিদায় নেয় নাপোলি। কিন্তু হতাশা ভুলতে খুব বেশি সময় নিল না দলটি। রোববার রাতে ম্যাচের যোগ করা
সময়ে জিয়াকোমো র্যাসপাদোরির গোলে জুভেন্টাসকে হারায় নাপোলি। তাতে শিরোপার
হাতছোঁয়া দূরত্বে পৌঁছে যায় নেপলস শহরের দলটি।
৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি, সমান ম্যাচে
৬১ পয়েন্ট লাৎসিওর, আর জুভেন্টাস ৫৯ পয়েন্ট নিয়ে তিনে। এরপর যথাক্রমে রোমা (৫৬),
এসি মিলান (৫৪ পয়েন্ট) ও ইন্টার মিলান (৪৯ পয়েন্ট)।
আগামী শনিবার সালেরনিতানার বিপক্ষে নাপোলির জয়ের পর
রোববার লাৎসিও যদি ইন্টারের বিপক্ষে জিততে ব্যর্থ হয়, তবে স্পালেত্তির দল শিরোপার
উৎসব করবে। নাপোলি কোচ বলেন, ‘বোতলের ছিপি খোলার আগে আমাদের আরেকটু অপেক্ষা করতে
হবে, কেননা কিছুটা পথ এখনো বাকি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার পর আমাদের দল
যেভাবে খেলেছে তা দুর্দান্ত ছিল। আমি মনে করি না, এর চেয়ে ভালো কিছু করা যেত।’
সর্বশেষ ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার নৈপুন্যে লিগ শিরোপা
জয়ের কৃতিত্ব দেখায় নাপোলি।
এদিকে, স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০
গোলে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে বার্সেলোনা। আগের তিন ম্যাচে জয়হীন বার্সা এবার হারাল
১৩ ম্যাচে অপরাজিত থাকা অ্যাতলেটিকোকে। ন্যু ক্যাম্পে ৪৪ মিনিটে স্বাগতিকদের
জয়সূচক গোলটি করেন ফেরান টোরেস। ৩০ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে
বার্সেলোনা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১
পয়েন্টে এগিয়ে রয়েছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে নিয়ে ব্যস্ত থাকা
রিয়াল শনিবার লা লিগায় ২-০ গোলে সেল্টা ভিগোকে হারায়।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার টটেনহামকে ৬-১
গোলে হারের লজ্জা দিয়েছে নিউক্যাসল। একই রাতে বোর্নমাউথকে ৪-০ গোলে হারায় ওয়েস্ট
হ্যাম। প্রথম ২১ মিনিটের মধ্যেই পাঁচ গোল করে স্পার্সদের হতবিহ্বল করে দেয়
হ্যামাররা। সেই ক্ষত আর কাটিয়ে ওঠা হয়নি লন্ডন জায়ান্টদের পক্ষে।










