২০২০ সালের ২৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ক্যালাবাস অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বাস্কেটবলের কিংবদন্তি কোবে ব্রায়ান্ট ও তার কন্যা জিয়ানা। ব্রায়ান্ট না থাকলেও তার পরিহিত জার্সি-জুতা ব্যবহার করে এখনো খেলোয়াড় ও ভক্তরা তাকে স্মরণ করেন। জীবদ্দশায় তার সঙ্গে চুক্তি ছিল আমেরিকার বিখ্যাত স্পোর্টসওয়্যার কোম্পানি নাইকির। ‘নাইকি কোবে সু’ নামক কেডস ছিল পরিচিত নাম। কিন্তু গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল তারকার সঙ্গে চুক্তি শেষ হয় নাইকির। ব্রায়ান্ট না থাকলেও এক বছর পর তার পরিবারের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি। বিশেষ করে ব্রায়ান্টের স্ত্রী ভেনেসা ব্রায়ান্ট এখানে মুখ্য ভূমিকা রেখেছেন। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি কোনো পক্ষ।

লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের এ তারকা মারা যাওয়ার পরও ২০ শতাংশ বাস্কেটবল খেলোয়াড় ‘নাইকি কোবে সু’ পরে খেলেন।

নাইকির সঙ্গে পুনরায় চুক্তি হওয়ায় উচ্ছ্বসিত ব্রায়ান্টের স্ত্রী ভেনেসা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, নাইকির সঙ্গে পুনরায় চুক্তি হওয়ায় আমরা খুবই খুশি। আমি খুবই গর্বিত আমার স্বামীর (ব্রায়ান্ট) জুতা পরে এখনো এনবিএর কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করেন অনেক খেলোয়াড়। তার এ জুতা বিশ্বের অনেক ভক্তও পরে থাকেন।

সেই সঙ্গে চুক্তির সঠিক সময়কাল প্রকাশ করা হয়নি। তবে ব্রায়ান্টের ক্যারিয়ার চলাকালীন চুক্তির ১১টি মডেলে জুতা আবার চালু করবে নাইকি। সেইসঙ্গে ক্যারিয়ারের পরবর্তী সময়ের ছয়টি মডেল চালু করা হবে। ২০১৬ সালে ক্যারিয়ারের ইতি টানেন ব্রায়ান্ট।

নাইকি জানিয়েছে, প্রথমবার রিলিজ হচ্ছে কোবে ৬ প্রোট্রো ‘মাম্বাসিটা সুইট ১৬’ নামের নতুন একটি মডেলের জুতা। গিগি ব্রায়ান্টের সম্মানে এর আয়ের সব অর্থ দেয়া হবে ‘মাম্বা ও মাম্বাসিটা স্পোর্টস ফাউন্ডেশন’কে। ২০১৮ সালে কোবে ‘মাম্বা স্পোর্টস ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন। যেখানে যুব খেলোয়াড়দের তৈরি করা হয়। ২০২০ সালে ব্রায়ান্ট ও জিয়ানার স্মরণে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাম্বা ও মাম্বাসিটা স্পোর্টস ফাউন্ডেশন’।

নাইকির প্রেসিডেন্ট জন ডোনহো বলেছেন, আমরা নতুন একটি অধ্যায় খুলেছি ব্রায়ান্ট পরিবারের সঙ্গে। শুধু এনবিএ ভক্ত নয়, বিশ্বব্যাপী খেলার বাইরেও ব্রায়ান্ট মানে আমাদের কাছে অনেক কিছু। ক্রীড়ার বিকাশে তার প্রভাব, বিশেষ করে নারী ও যুবকদের বাস্কেটবল গ্রহণ করতে উৎসাহিত করা, তার গভীরতম, দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হিসেবে টিকে আছে। আশা করি ভেনেসা ও আমরা একসঙ্গে অনেক বছর ধরে একটি নতুন প্রজন্মকে চ্যাম্পিয়ন করে কোবে ও জিয়ানাকে সম্মান জানাব। মার্কা ও নাইকি