চট্টগ্রাম টেস্টে দারুণ ব্যাটিং প্রদর্শনীতে সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার ব্যাটে ভর করে টেস্টের প্রথম ইনিংসে সংহত অবস্থানে শ্রীলংকা। আজ রোববার প্রথমদিন দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। ম্যাথিউস ১১৪ ও দিনেশ চান্দিমাল ৩৪ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন নাঈম হাসান এবং একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে দু’দলই সাজিয়েছে একাদশ। ব্যাটিং সহায়ক উইকেটে শুরুটা একটু খারাপই হয় লংকানদের। ইনিংসের অষ্টম ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ২৩ রানের মাথায় করুনারত্নেকে ফেরান নঈম। ১৭ বলে ৯ রান করেন শ্রীলংকার অধিনায়ক। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলংকা রিভিউ নিলেও কাজে দেয়নি তা। দ্বিতীয় উইকেটে ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস জুটি বড় করার চেষ্টা করলেও থামিয়ে দেন নাঈম। লিটনের ক্যাচ বানিয়ে ফেরান ওশাদাকে (৩৬)। মেন্ডিসের সঙ্গে ৪৩ রানে জুটি গড়েছিলেন এই ওপেনার।
তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে সেই চাপ সামলিয়ে ওঠে শ্রীলংকা। এ জুটি যোগ করে ৯২ রান। দলীয় ১৫৮ রানের মাথায় কুশল মেন্ডিসকে (৫৪) ফিরিয়ে ব্রেক-থ্রু দেন তাইজুল। মিড উইকেটে নাঈমের তালুবন্দী হন মেন্ডিস। ১৮৩ রানের মাথায় ধনাঞ্জয়া ডি সিলভাকে (৬) ফিরিয়ে লংকানদের ওপর চাপ তৈরি করেন সাকিব আল হাসান। কিন্তু পঞ্চম উইকেটে ম্যাথিউস চান্দিমালের অবিচ্ছিন্ন ৭৫ জুটি সেই চাপ সামলিয়ে ওঠে শ্রীলংকা। ম্যাথিউস তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।










