পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আলো ছড়াচ্ছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। দুই ম্যাচে ছয়টি উইকেট নিয়ে একদিনের জন্য উঠেছিলেন টেবিলের শীর্ষে। ২২ বছর বয়সী রিশাদ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই মনে করিয়ে দিচ্ছেন। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি ছিলেন বিশ্বকাপে উইকেটশিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে। যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশী বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে আলো কাড়ছেন ডানহাতি এ লেগ স্পিনার।
বৃহস্পতিবার রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়ে পিএসএল চার্টে সবার ওপরে নাম লেখান ইসলামাবাদ ইউনাইটেডের ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার। ওই ম্যাচের আগ পর্যন্ত দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে চার্টের শীর্ষে ছিলেন রিশাদ। হোল্ডার এক লাফে এখন ৯ উইকেট, আর রিশাদের ঝুলিতে ৬ উইকেট। আজ ইসলামাবাদের ম্যাচ রয়েছে, তাই হোল্ডারের নামের পাশে আরো উইকেট যোগ হওয়ার সুযোগ রয়েছে।
উইকেটের চার্টে আরো পেছনে পড়ে যাবেন রিশাদ। কারণ মঙ্গলবারের মধ্যে লাহোর কালান্দার্সের কোনো ম্যাচ নেই। এর মধ্যে আবার একাধিক ম্যাচ খেলবে করাচি কিংসের মতো দল। রিশাদ অবশ্য পরের দিকে সুযোগ পাবেন, কেননা প্রতিটি দলই সমানসংখ্যক ম্যাচ খেলবে, আগে কিংবা পরে।
এর আগে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস ও কানাডা লিগের দল টরন্টো ন্যাশনালসে ডাক পেয়েও খেলা হয়নি রিশাদের। এবার পিএসএলে খেলতে গিয়ে নিজের জাত চেনালেন তিনি। যদিও ব্যাট হাতে ভালো ইনিংস খেলার সুযোগ হয়নি। প্রথম ম্যাচে ১ রানে অপরাজিত ছিলেন, পরের ম্যাচে করেন ২ রান।
এখন পর্যন্ত লাহোর কালান্দার্স খেলেছে ৩ ম্যাচ। প্রথম ম্যাচে সুযোগ পাননি রিশাদ। ১৩ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নেমেই ৩১ রানে ৩ উইকেট শিকার করে আস্থার প্রতিদান দেন। সুযোগ মেলে পরের ম্যাচেও। ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন।
এমন পারফরম্যান্সে একাদশে জায়গা পাকা হওয়ার পাশাপাশি সবার প্রশংসায় ভাসছেন রিশাদ। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, লাহোরের সহ-মালিক সামিন রানার মুখে রিশাদের স্তুতি। ম্যাচ শেষে আফ্রিদি বলেছেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে ভালো খেলে এসেছে, সে তাদের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোয় সে দারুণ করছে। তাদের মিডল অর্ডারকে দাঁড়াতে দেয়নি।’
সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসের কথাতেও ছিলেন রিশাদ। তিনি বলেছেন এভাবে, ‘রিশাদের কথা বলতেই হয়। তরুণ একটা ছেলে যেভাবে বোলিং করল। এবারই প্রথম আমি তার বোলিং সরাসরি দেখছি ও একসঙ্গে খেলছি। সে অবিশ্বাস্য, দুর্দান্ত।’
সামিন রানা করাচির বিপক্ষে জয়শেষে ভাঙা বাংলায় বললেন, ‘রিশাদ, আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি সর্বোচ্চ উইকেটশিকারি হবে।’
এর আগের ম্যাচে ৩ উইকেট নেয়ার পর ড্রেসিং রুমে রিশাদের প্রশংসা করে সামিন রানা বলেছেন, ‘আমার বাংলাদেশী ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হবে রিশাদের লাহোর।
পাকিস্তান সুপার লিগে খেলার কথা ছিল লিটন দাসের। যদিও চোটে পড়ায় মাঠে নামার আগে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। তার খেলার কথা ছিল করাচি কিংসে। আর পেসার নাহিদ রানা সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষে পিএসএল খেলতে যাবেন। তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে।










