চলতি টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে ৬৪ বলে ১০৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। তাতে কিউইরা পেয়ে যায় ১৬৭ রানের পুঁজি।

উল্লেখ্য, টি২০ বিশ্বকাপ ইতিহাসে ফিলিপসের সেঞ্চুরিটা ১১তম। এর আগে সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল (দুটি), অ্যালেক্স হেলস, আহমেদ শেহজাদ, রুশো, তামিম ইকবাল, জস বাটলার, সুরেশ রায়না ও মাহেলা জয়বর্ধনে। ইংল্যান্ডের লুক রাইট একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ৯৯ রান করেছেন।

কাকতালীয়ভাবে এবার বিশ্বকাপের দুটি সেঞ্চুরিই হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। প্রথমটি করেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। বাংলাদেশের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রান করেন তিনি। রুশোর টর্নেডো ইনিংসে চাপা পড়ে বাংলাদেশ হেরে যায় ১০৪ রানের বিশাল ব্যবধানে। তারপর টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি করলেন ২৫ বছর বয়সী ফিলিপস, যার জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। টি২০-তে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।  

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ৯২, স্কটল্যান্ডের মাইকেল জোনস ৮৬, ভারতের বিরাট কোহলি ৮২ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৮২ রানের ইনিংস খেলেছেন।