ইংলিশ ব্যাটার ডেভিড মালান এবারের বিপিএলে খেলতে এসেই টানা দুই ম্যাচে জেতালেন ফরচুন বরিশালকে। চট্টগ্রামে ১৬ জানুয়ারি ঢাকা ক্যাপিটালকে ৮ উইকেটে হারায় বরিশাল। ওই ম্যাচে মালান ৪১ বলে ৪৯ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয়ের মূল্যবান অবদান রাখেন। আজ রোববার একই মাঠে তার ফিফটিতে ভর করে ৬ উইকেটের জয় পায় বরিশাল।

৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন মালান। মোহাম্মদ নবি ২১ বলে ৩ চারের সাহায্যে ২৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে ফাহিম আশরাফ (৩/১২), রিপন মন্ডল (৩/২৩) ও তানভীর ইসলামের (২/১৪) দুর্দান্ত বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম কিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৩৫ রান করেন।

৭ ম্যাচে এটা বরিশালের পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দুইয়ে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনেই থাকল চট্টগ্রাম।

চট্টগ্রামে আজ সন্ধ্যার ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। বরিশালের পরের ম্যাচ বুধবার খুলনার বিপক্ষে। চট্টগ্রাম মাঠে নামছে সোমবার, এদিন তারা খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে।