প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুৃখামুখি হয়েছে নিগার সুলতানার দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তির সেঞ্চুরিতে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডেতে এটাই এখন দলটির সর্বোচ্চ স্কোর। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১১ রান।

এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শারমিন আক্তার। ১৪১ বলে হার না মানা ১৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন এই ওপেনার। ১১টি চারে সাজান নান্দনিক ইনিংসটি। ওয়ানডেতে এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংসও। এর আগে ভারতের বিপক্ষে সালমা খাতুনের ৭৫ রান ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৬ রান।

৫ চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে প্যাভিলিয়নে ফেরেন।

এরপরই ফারজানা হকের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৬২ বলে ৬৭ রান করে ফেরেন ফারজানা। রুমানা আক্তার ৪, রিতু মণি ২ ও লতা মণ্ডল ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। শারমিন থাকেন ১৩০ রানে অপরাজিত। তাতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২২ রান। মোক্ষা চৌধুরী যুক্তরাষ্ট্রের হয়ে দুটি উইকেট নেন।