চীনের হাংঝৌ শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। তবে
গেমসের বাছাইপর্ব বন্ধ হয়নি। আজ শনিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান গেমস
হকির বাছাইপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে।
খেলা হয়েছে ১৫ মিনিট করে চার কোয়ার্টারে। বাংলাদেশের প্রথম গোল আসে
প্রথম কোয়ার্টারে,
ম্যাচের ১০
মিনিটে পেনাল্টি কর্নার থেকে। সারোয়ার হোসেন লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ২৪
মিনিটে পুষ্কর খীসা মিমো ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় কোয়ার্টারে দুই দল লড়াই করে
সমানে সমান। ৪০ মিনিটে ইন্দোনেশিয়া ব্যবধান কমায়। পেনাল্টি কর্নারের প্রচেষ্টা
শুরুতে গোলকিপার নিপ্পন প্রতিহত করলেও সান্দ্রিয়া আন্দ্রির ফিরতি হিটে জাল অক্ষত
রাখতে পারেননি। কিন্তু পরের মিনিটে ফজলে রাব্বির গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ।
চতুর্থ কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়
নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ। গোল না করেও দলের জয়ে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা
হয়েছেন বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম বাবু।
‘বি’ গ্রুপে আগামী
মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। আজ শ্রীলংকা ৫-২ গোলে
সিঙ্গাপুরকে হারায়।
গত মার্চে জাকার্তায় এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি
এশিয়ান গেমস হকিতে খেলার কথা ছিল বাংলাদেশের। যদিও এশিয়ান হকি ফেডারেশন শেষ
মুহূর্তে নিয়ম পালটানোয় এখন ব্যাংককে বাছাইপর্ব খেলতে হচ্ছে লাল-সবুজ দলকে।










