অবনমনের
হুমকিতে থাকা লেস্টার সিটিকে
৩-১ গোলে হারিয়ে
আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে নরওয়েজিয়ান
ফরওয়ার্ড আর্লিং হালান্ড করেন জোড়া গোল,
আর জন স্টোনস করেন
একটি। আর্সেনালের সঙ্গে এখন মাত্র তিন
পয়েন্টের ব্যবধান সিটির। আজ রোববার (১৬ এপ্রিল) রাতে গানাররা
খেলতে নামবে ওয়েস্ট হামের বিপক্ষে।
দুর্দান্ত
ফর্মে রয়েছে ম্যানসিটি। টানা ১০ ম্যাচ
জিতেছে পেপ গার্দিওলার দল,
এই ম্যাচগুলোতে তারা করেছে ৩৭
গোল। লিগে শিরোপার রেসে
তো রয়েছেই, পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেরও সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা ৩-০ গোলে বিধ্বস্ত
করে বায়ার্নকে। বুধবার বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগ।
এরপর শনিবার তারা এফএ কাপের
সেমিফাইনাল খেলবে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে।
বায়ার্নের
মাঠে দ্বিতীয় লেগ নিয়ে গার্দিওলা
বলেন, তারা খুবই শক্ত
প্রতিপক্ষ। আমরা কিছু অর্জনের
জন্যই সেখানে যাচ্ছি, সেমিফাইনাল আমাদের লক্ষ্য। কাজেই সঠিক মানসিকতা নিয়ে
আমাদের খেলতে হবে, খারাপ সময়
এলে ধৈর্য্য ধরতে হবে।
এরপর
২৬ এপ্রিল আর্সেনালের সঙ্গে হাইভোল্টেজ লড়াই। ইতিহাদের সেই লড়াইটাই এবারের
লিগে শিরোপার ভাগ্য নির্ধারণ করে দেবে। সিটি
টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে খেলছে, আর্সেনালের লক্ষ্য সিটিকে থামিয়ে ২০০৪ সালের পর
প্রথমবার লিগ শিরোপার স্বাদ
নেয়া।
সিটিকে
আশা দেখাচ্ছেন হিটম্যান হালান্ড, যিনি চলতি মৌসুমে
৪০ ম্যাচেই করেছেন ৪৭ গোল। শনিবার
তিনি ছুঁয়েছেন মোহাম্মদ সালাহর এক মৌসুমে করা
৩২ গোলের রেকর্ড। যদিও এখনো মৌসুমের
আট ম্যাচ বাকি আছে।
ফ্রেঞ্চ
লিগে টেবিলের এক ও দুইয়ের
লড়াইয়ে লঁসকে ৩-১ গোলে
হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমবাপ্পে, লিওনেল
মেসি ও ভিটিনহা একটি
করে গোল করেন। এমবাপ্পে
এ রাতে এক গোল
করে পিএসজির হয়ে লিগে গোলের
রেকর্ড গড়েন। পিএসজির হয়ে লিগে তিনি
করেছেন ১৩৯ গোল। উরুগুইয়ান
স্ট্রাইকার কাভানি করেছিলেন ১৩৮ গোল। এর
আগে গত মাসেই ২০১তম
গোলের মধ্য দিয়ে সব
ধরনের প্রতিযোগিতা মিলে পিএসজির জার্সিতে
সর্বোচ্চ গোলের মালিক হন এমবাপ্পে। এবার
গড়লেন আরেকটি রেকর্ড।
৩১
ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে
শীর্ষে পিএসজি, আর লিঁস ৬৩
পয়েন্ট নিয়ে দুইয়ে।










