শেষ পর্যায়ে চলে এসেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডে দুপুরে সাড়ে ১২টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস। এরপর বিকেল সাড়ে ৫টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলটির জন্যও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। এলিমিনেটর রাউন্ডে খুলনা ও চট্টগ্রামের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে জিতে আসতে হবে।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে বরিশাল ও কুমিল্লা দুই দলই রবিবার কঠোর অনুশীলন করেছে। টানা জয়ে সাকিবের ফরচুন বরিশাল ভীষণ উজ্জীবিত। তবে কুমিল্লা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে। কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস অবশ্য এ নিয়ে বেশি চিন্তিত নন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বরিশাল ভালো দল। আমরা জানি যে কাজটা কঠিন হবে। তবে শেষদিকে আমরাও ভালো ক্রিকেট খেলেছি। গতকাল (শনিবার) জিততে পারিনি, তবে এর আগে ভালো ক্রিকেট খেলেছি। আশা করি ভালো ম্যাচ হবে, সবার জন্য দেখার মতো ম্যাচ হবে। দারুণ সব ক্রিকেটার থাকবে এই ম্যাচে। আমরাও মাঠে নামতে মুখিয়ে আছি।
রবিন রাউন্ড পর্বে ১০ ম্যাচে সাত ও দুই পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফরচুন বরিশাল শেষ চারে উঠে। সমান সংখ্যক ম্যাচে ছয় জয় ও তিন পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি দল সরাসরি কোয়ালিফাই করার সুযোগ পাচ্ছে।
অন্যদিকে ১০ ম্যাচে পাঁচ জয় আর পাঁচ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ ম্যাচে পাঁচটি জয় ও পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে খুলনা টাইগার্স। দু’দলকে খেলতে হচ্ছে এলিমিনেটর রাউন্ড।










