ইংলিশ ফুটবলে একটি সময় সেরা দ্বৈরথ ছিল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। ম্যানইউ ২০ বার ও লিভারপুল ১৯ বারের লিগ চ্যাম্পিয়ন। তবে দুই জায়ান্টের লড়াইয়ে আগের সেই উত্তাপ এখন আর নেই। এরপরও লড়াইটা যখন ‘‌রেড ডেভিল বনাম অল রেড’ তখন এ নিয়ে উন্মাদনা অনেক। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে ইংল্যান্ডের সফলতম দুই ক্লাব। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে এই রোমাঞ্চকর লড়াই।

 

চলতি মৌসুমে ইয়ুর্গেন ক্লোপের দলের চেয়ে বেশ এগিয়ে রয়েছে এরিক টেন হ্যাগের ম্যানইউ। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলে রেড ডেভিলরা তিনে আর ৩৯ পয়েন্ট নিয়ে লিভারপুল ছয় নম্বরে।

অ্যানফিল্ড বলেই আশা লিভারপুলের। ম্যানইউর বিপক্ষে ছয়টি হোম ম্যাচে অপরাজিত লিভারপুল, এর মধ্যে তিনটি জয় ও তিনটি ড্র করে অল রেডরা। সর্বশেষ ২০১৬ সালে ১-০ গোলে হেরেছিল তারা। ১৯৭০ থেকে ১৯৭৯ মধ্যবর্তী সময়ে ম্যানইউর বিপক্ষে নয় ম্যাচে অপরাজিত ছিল লিভারপুল, তারপর বর্তমান অপরাজিত থাকার রেকর্ডটি দীর্ঘ। আবার অ্যানফিল্ডে সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটি গোল করেছে ম্যানইউ। তারা টানা চারটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়, যা দ্বিতীয় নজির। প্রথমটি ঘটে ১৯৭২ সালে।



প্রিমিয়ার লিগে লিভারপুলকে একই মৌসুমে দুবার করে হারানোর মোট আটটি কীর্তি আছে ম্যানইউর। সর্বশেষ এটি তারা করেছে ২০১৫-১৬ মৌসুমে। এবার প্রথম লেগে জয়ী রেড ডেভিলদের সামনে ডাবল জয়ের হাতছানি।

 

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুল দলে নতুন করে কোনো ইনজুরির দুশ্চিন্তা নেই। তবে আগে থেকেই সাইডলাইনে আর্থার মেলো, থিয়াগো, লুইস দিয়া ও জো গোমেজ।

 

ওয়েস্ট হামের বিপক্ষে এফএ কাপ ম্যাচে জয়ের পথে উরুর চোটে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লুক শ। তিনি খেলবেন কিনা, সেটি নিশ্চিত নয়। ইনজুরির কারণে খেলা হবে না জ্যাডন সাঞ্চোর। মাঠের বাইরেই থাকতে হচ্ছে ডনি ভন ডি বিক, ক্রিস্টিয়ান এরিকসেন ও অ্যান্থনি মার্শিয়ালকে।