খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জয়ে অনেক অবদান রেখেছিলেন জাভি হার্নান্দেজ। এবার দিকহারা বার্সেলোনার লাগাম ধরতে ক্যাম্প ন্যুয়ের ডাগআউটে দাঁড়ালেন তিনি। কাতালান ক্লাবে কোচিং ক্যারিয়ারের পথচলাও শুরু হয়েছে দারুণ এক জয়ে। লা লিগায় শনিবার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। নতুন কোচের ডাকে সাড়া দিয়ে ক্যাম্প ন্যুয়ের গ্যালারিতে ফিরলো প্রাণ। ‘জাভি, জাভি, জাভি’ চিৎকারে গলা ফাটালেন দর্শকরা। মেমফিস-বুসকেটসরা খেললেন উজ্জীবিত ফুটবল। কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা শিবিরে ফিরলো জয়ের স্বস্তি। জয় এনে দেয়া গোলটি করেন মেমফিস ডিপাই।
লা লিগায় চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। টানা দুই হারের পর দুটি ড্র করেছিল কাতালান দলটি। ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বার্সেলোনা ১৬টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। আর এস্পানিওলের ১২ শটের ২টি লক্ষ্যে ছিল। এস্পানিওলের বিপক্ষে লিগে এই নিয়ে টানা ২৩ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। এর মধ্যে তাদের জয় ১৮টি।
দলের টানা ব্যর্থতার দায়ে চাকরি হারানো কোচ রোনাল্ড কোম্যানের জায়গায় শুরুতে অস্থায়ীভাবে দায়িত্ব পান বার্সেলোনা ‘বি’ দলের কোচ সের্জি বারজুয়ান। পরে গত ৬ নভেম্বর তারই স্থলাভিষিক্ত হন জাভি। আন্তর্জাতিক বিরতির পর অবশেষে ডাগআউটে অভিষেক হলো দলটির সাবেক এই মিডফিল্ডারের। স্পেনের বিশ্বকাপ জয়ী এই তারকার হাত ধরেই নতুন আশায় বুক বেঁধেছে বার্সেলোনা।
আগের দিন মাঠে এসে দলকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জাভি। সেই আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্প ন্যুয়ের গ্যালারিতে উপস্থিত ছিল ৭৪ হাজারের বেশি দর্শক। এস্পানিওল ম্যাচ দিয়ে অভিষেক হয় আরো একজনের। মূল দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন বার্সেলোনা ‘বি’ দলের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইলিয়াস।
ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের পাসে ডিপাইয়ের বক্সের বাইর থেকে নেয়া জোরালো শট গোলকিপার প্রতিহত করেন। ৪ মিনিট পর তাদের আরো একটি প্রচেষ্টা ডিফেন্ডার নস্যাত্ করে দেন।
১২ মিনিটে এস্পানিওল আক্রমণে ওঠে। পেদ্রোসার ক্রসে রাউল ডি টমাসের ডান পায়ের শট বক্সের অনেক ওপর দিয়ে যায়। ২৫ মিনিটে বার্সেলোনা আবারো আক্রমণ শানিয়েছে। ডিপাই চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেননি। তার প্রচেষ্টা সফল হতে দেননি গোলকিপার। শেষের দিকে রাউল ডি থমাসের কঠিন কোণ থেকে নেয়া শট পোস্টের বাইর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি অতিথিদের। গোলশূন্যয় বিরতিতে যায় দু’দল।
বিরতির পর ফিরেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৬ মিনিটে একমাত্র গোলটি এসেছে তাদের। বক্সে মেমফিস ডিপাইকে ফেলে দেন লিওনার্দে কাব্রেরা। রেফারি বাজালেন পেনাল্টির বাঁশি। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ডিপাই।
এক গোলে পিছিয়ে থেকে এস্পানিওল ম্যাচে ফেরার কম চেষ্টা করেনি। যদিও একের পর এক আক্রমণ হেনেও সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হাসি নিয়ে বাড়ি ফিরলেন কাতালান সমর্থকরা।










