কোয়ার্টার ফাইনালে গত শুক্রবার (৯ ডিসেম্বর) নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচ জিতলেও বিতর্কে জড়িয়ে গিয়েছে লিওনেল মেসির দল। অবশ্য ওই দিনের ঘটনায় দুই দলের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা। খবর হিন্দুস্তান টাইমস।

ম্যাচটিতে রেফারি বারবার হলুদ কার্ড দেখিয়ে উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন। এক সময় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরকে আক্রমণ করেন। বিশেষ করে শেষদিকে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

আর্জেন্টিনার এক খেলোয়াড় ফাউল মানতে না পেরে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তারপরেই দুই পক্ষের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মেসি এ সময় নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গালের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে সেমি ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এই যখন ঘটনা, স্বভাবতই পুরো ফুটবল বিশ্বের মতো ভালোভাবে নিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। তারা শনিবার (১০ ডিসেম্বর) জানিয়েছে, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে দুই দলের। দুই দেশের ফুটবল সংস্থাকেই ১৬ হাজার ডলার জরিমানা করা হতে পারে।