ক্রাইস্টচার্চ টেস্টে জমজমাট লড়াইয়ের পর এবার ওয়েলিংটনেও প্রথম দিন থেকেই উত্তেজনা। আজ শুক্রবার প্রথম দিন ১৫ উইকেট পড়েছে দুই দলের। ইংল্যান্ড ২৮০ রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ড ৫ উইকেটে ৮৬ রান নিয়ে প্রথম দিন মাঠ ছেড়েছে। টম ব্লান্ডেল ৭ ও উইলিয়াম ও’রুর্ক শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ক্রাইস্টচার্চ টেস্টে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলা হ্যারি ব্রুক টানা সেঞ্চুরি করেছেন। আজ ওয়েলিংটনে ১১৫ বলে ১২৩ রানের রাজসিক ইনিংস খেলেন। ১১টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ৪৩ রানে ৪ উইকেট পতনের পর ওলি পোপকে (৬৬) নিয়ে দলের সংগ্রহ দুশ পার করিয়েছেন ব্রুক। অবশ্য তাদের ১৭৪ রানের জুটির পরও বড় সংগ্রহ পায়নি ইংল্যান্ড। ৬৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৮০ রানে শেষ সফরকারীরা।

নিউজিল্যান্ডের নাথান স্মিথ চারটি, রুর্ক তিনটি ও ম্যাট হেনরি দুটি উইকেট নেন।

এরপর ইংলিশ গতির আগুণে পুড়েছে কিউইরা। ক্রাইস্টচার্চে ১০ উইকেট নেয়া ব্রাইডন কার্স আজ সকালে নিয়েছেন দুটি উইকেট। কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল তার শিকার। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ও ক্রিস ওকস একটি করে উইকেট নিয়ে কিউইদের কোনঠাসা করে রেখেছেন।