শুক্রবার শুরু হওয়া ৪৬তম বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্রুততম মানবীর খেতাব পেলেন নৌবাহিনীর শিরিন আক্তার। নারীদের স্প্রিন্টে সেরা শিরিন সময় নেন ১২.২০ সেকেন্ড। গত সেপ্টেম্বরে সামার অ্যাথলেটিকসে তিনি সময় নিয়েছিলেন ১১.৯৫ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে সেটাই ছিল মেয়েদের ১০০ মিটারে জাতীয় রেকর্ড। বিস্ময়কর যাত্রা ২৮ বছর বয়সী এ স্প্রিন্টারের। এ নিয়ে ১৪তম বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।
আবারো দ্রুততম মানবী হওয়ার আনন্দে শুক্রবার শিরিন সংবাদমাধ্যমকে বলেন, নিজের পারফরম্যান্স নিয়ে আমি খুশি। তবে এবার টাইমিং আরো ভালো হতে পারত। চৌদ্দতমবার দ্রুততম মানবী হয়েছি, নিজেকে আরো ছাড়িয়ে যেতে চাই।
তার আগে সামার ও জাতীয় অ্যাথলেটিকস মিলিয়ে ১৭ বার দ্রুততম মানবী হয়েছিলেন নাজমুন নাহার বিউটি। এ নিয়ে শিরিন বলেন, বিউটি আপু কিংবদন্তি। একদিন তাকে ছাড়িয়ে যেতে চাই। এখন আমার স্বপ্ন এসএ গেমসে স্বর্ণ জয় করা। জানি এটা খুবই কঠিন, তবে অসম্ভব নয়।
এদিকে গত জানুয়ারিতে প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসে প্রতিদ্বন্দ্বিতা করে ১০.৫০ সেকেন্ড টাইমিং করে ২১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন লন্ডনপ্রবাসী ইমরানুর। আগের রেকর্ডটি ছিল প্রয়াত মাহবুর আলমের ১০.৫৪ সেকেন্ড।
গত মাসে তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে ১০.০১ সেকেন্ড টাইমিং করে ১০০ মিটারে ষষ্ঠ হয়েছিলেন ইমরানুর। যদিও ইলেকট্রনিক টাইমিংয়ে ত্রুটি থাকায় ওই গেমসের সব ফলই বাতিল করেছে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন। ফলে ইমরানুরের সেই টাইমিংটা জাতীয় রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে না।










