বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ মেনস আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

 

আজ বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে প্রথম ম্যাচের প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে, দ্বিতীয় সেটে ২৫-২২ পয়েন্টে এবং তৃতীয় সেটে ২৫-২১ পয়েন্টে জয় পায় বাংলাদেশ।

 

বাংলাদেশ দলের আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। আর আগে  প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি।

 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলীসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নেপাল, কিরগিজস্তান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহন করছে। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে ওরিয়ন গ্রুপ, ইউনিক গ্রুপ, ডট ইন্টারনেট, আজওয়া, ইলেক্ট্রা মোবাইল, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, গ্র্যান্ড প্রিন্স হোটেল, হোটেল শেরাটন ঢাকা।