আবারো হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। আজ বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে তারা ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। এ ম্যাচে সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের পেনাল্টি শট ঠেকিয়েছেন এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ড।

১৪ মিনিটে বার্নার্দো সিলভার গোলে সিটি লিড নিলেও ৩৬ মিনিটের সময় সেই গোল পরিশোধ করেন এভারটনের ইলিম্যান এনদিয়া। পরে হালান্ডের পেনাল্টি ঠেকিয়ে সিটির দুর্দশা বাড়ান পিকফোর্ড।

এই ড্রয়ের পর ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে ম্যানসিটি। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

এক কিংবা দুই মৌসুম আগেই প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম ছিল ম্যানসিটি। অথচ চলতি মৌসুমে তাদের আশ্চর্য পতন হলো। সব ধরণের প্রতিযোগিতায় সর্বশেষ ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে পেপ গার্দিওলার দল।