কেভিন ডি ব্রুইনের হ্যাটট্রিকে বুধবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি। ৩৬ রাউন্ড শেষে শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ৮৯। সমান ম্যাচে লিভারপুলের ৮৬ পয়েন্ট। বাকি দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে পেপ গার্দিওলার দল। আবার লিভারপুল যদি দুই ম্যাচের একটি কিংবা দুটিতেই হেরে যায়, তবে সিটি আর কোনো জয় ছাড়াও চ্যাম্পিয়ন হবে।

সামনের দুটি ম্যাচ লিভারপুল জিতলে এবং সিটি একটিতে জিতলে ও একটিতে হারলেও দুই দলের পয়েন্ট হবে সমান ৯২। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা গার্দিওলার ঘরে আসার সম্ভাবনাই বেশি। লিগে ম্যানসিটির গোল এখন ৭২টি, লিভারপুলের ৬৫টি। রেডদের থেকে সাত গোলে এগিয়ে আছে সিটি।

গতকাল রাতে এফএ কাপ ফাইনালে চেলসির মুখোমুখি হয় লিভারপুল। তাই তাদের লিগ ম্যাচ শনি কিংবা রোববার পড়েনি। মঙ্গলবার সাউদাম্পটনের মাঠে খেলবে অল রেডরা। এই সুযোগে তাদের ৬ পয়েন্টে পেছনে ফেলার সুযোগ এসেছে ম্যানসিটির সামনে। আজ সিটিজেনরা খেলবে ওয়েস্ট হাম ইউনাইটেডের মাঠে।

প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে তিন গোলের বেশি ব্যবধানে জিতেছে ম্যানসিটি। বুধবার ডি ব্রুইন একাই করেন চার গোল। গার্দিওলার দল যে ফর্মে আছে তাতে হ্যামাররা আজ কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ানোর কথা না। অবশ্য চলতি মৌসুমে লন্ডনের ক্লাবটি দারুণ পারফর্ম করে এসেছে। ডেভিড ময়েজের দলটি সদ্যই ইউরোপা লিগের সেমিফাইনালে খেলেছে। আর লিগে ৫৫ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে। ময়েজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ বেশি খেলে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে। কাজেই আজ সিটিকে হারাতে পারলে কিংবা পয়েন্ট পেলে তাদের ছয় নম্বরে ওঠার সুযোগও তৈরি হবে। বিবিসি