একাদশ বিপিএলে শুরুর আট ম্যাচে টানা জয় পেয়ে সবার আগে প্লে-অফে নাম লেখানো রংপুর রাইডার্স অনেক নাটকতীয়তার পর টেবিলের তিনে নেমে যায়। ফলে তাদের খেলতে হয় এলিমিনেটর ম্যাচ। আজ সোমবার সেই বাঁচা-মরার সেই এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে বিদায় নিল নুরুল হাসান সোহানের দল।
আগে ব্যাটিং করতে নেমে তারকাখচিত দল নিয়েও ১৬.৫ ওভারে ৮৫ রান তুলে অলআউট হয়ে যায় রংপুর। ইংল্যান্ডের জেমস ভিন্স, অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে নামিয়েও কোনো লাভ হয়নি। বরং আরো বিবর্ণ রংপুর। জরুরি ডেকে আনা ভিন্স ৭ বলে ১, ডেভিড ৯ বলে ৭ ও রাসেল ৯ বলে ৪ রান করেছেন। ৫২ রানে নবম উইকেট পতনের পর পাকিস্তানি পেসার আকিফ জাভেদের ব্যাটে ভর করে মান বাঁচে রংপুরের। ১৮ বলে ৩২ রান করেন তিনি।
মূলত স্পিনাররাই ধসিয়ে দেন রংপুরকে। মেহেদী হাসান মিরাজ ১০ রানে তিনটি ও নাসুম আহমেদ ১৬ রানে তিনটি উইকেট নেন। ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেলকে বোল্ড করেন মূল্যবান অবদান রাখেন পাকিস্তানি স্পিনার মোহাম্মাদ নওয়াজ। মুশফিক হাসান ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।
ছোট এই টার্গেট দিয়ে খুলনাকে মোটেও চ্যালেঞ্জ জানাতে পারেনি রংপুর। শুধু অধিনায়ক মিরাজের উইকেটটি হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। মিরাজ প্রথম ওভারে আকিফ জাভেদের শিকার হন। এরপর আর কোনো উইকেটের পতন হতে দেননি ইন-ফর্ম নাঈম শেখ (৩৩ বলে ৪৮*) ও অ্যালক্স রস (২৭ বলে ২৯*)। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ।
মাত্র ১০.২ ওভারে ৮৯ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে খুলনা টাইগার্স। এই জয়ে তারা জায়গা করে নিল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। আজ সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। এই ম্যাচের পরাজিত দল বুধবার খুলনার বিপক্ষে খেলবে।










