অ্যাশেজে মোট ২৫ দিনের মাঠের লড়াই হওয়ার কথা। মাত্র ১০ দিন শেষ। আজ ১১তম দিন। এই ১১ দিনের মধ্যেই ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ নিশ্চিত করে ফেলতে পারে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে আজ পঞ্চম ও শেষ দিন ইংল্যান্ডের ৪টি উইকেট তুলে নিতে পারলেই ৩-০তে সিরিজ নিশ্চিত করে ফেলবে অজিরা।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭১ ও দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান তুলতে সমর্থ হয়। প্রথম ইনিংসে ২৮৬ রান তোলা ইংল্যান্ড গতকাল ৪৩৫ রানের বড় টার্গেটের সামনে পড়ে। বিশাল এ রান তাড়া করতে নেমে শীর্ষ ৬ ব্যাটারকে হারিয়েছে অতিথিরা। জো রুট (৩৯) ও হ্যারি ব্রুককে (৩০) নিয়ে জ্যাক ক্রলে (৮৫) কিছুটা লড়াই করলেও তা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না। প্যাট কামিন্সের গতি আর নাথান লায়নের ঘূর্ণিতে পথ হারায় ইংলিশরা। কামিন্স ২৪ রানে ৩টি ও লায়ন ৬৪ রানে ৩টি উইকেট নেন।

আজ শেষ দিন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংল্যান্ডের সামনে। হাতে পুরো দিন থাকলেও উইকেট আছে মাত্র ৪টি। এ দুজনের বাইরে বাকিরা আবার বোলার। কাজেই সকালের সেশনেই খেলার মীমাংসা হয়ে যেতে পারে।

৪ উইকেটে ২৭১ রান নিয়ে গতকাল ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া ৩৪৯ রানে অলআউট হয়ে যায়। সকালের সেশনে দারুণ বোলিং করে ইংলিশরা। বিশেষ করে পুরনো বলে দুর্দান্ত করেন স্টোকসরা। ১৪২ রান নিয়ে দিন শুরু করা ট্রাভিস হেড ১৭০ রানে আউট হয়েছেন। ক্রলের ক্যাচ বানিয়ে তাকে ফেরত পাঠান জস টাং। এরপর বেন স্টোকস, টাং, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার মিলে দ্রুতই অলআউট করে দেন স্বাগতিক দলকে। সব মিলিয়ে ৩৮ রানের মধ্যে ৬ উইকেটের পতন ঘটে অজিদের। টাং ৭০ রানে ৪টি ও কার্স ৮০ রানে ৩টি উইকেট নেন।

অস্ট্রেলিয়াকে ৩৪৯ রানে অলআউট করেও বড় টার্গেটের সামনে পড়ে ইংল্যান্ড, কারণ প্রথম ইনিংসে তারা অস্ট্রেলিয়ার চেয়ে ৮৫ রান কম করেছে। এরপর বড় টার্গেট তাড়া করতে নেমে ১৯৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে অতিথিরা। এখন তাদের সামনে ৩-০তে সিরিজ হারের চোখরাঙানি।

নাথান লায়নের আনন্দ দ্বিগুণ। এই টেস্টেই তিনি অজি গ্রেট গ্লেন ম্যাকগ্রাকে টপকে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক হয়েছেন। গতকাল ৩ উইকেট নেয়ার পর তার নামের পাশে এখন ১৪১ টেস্টে ৫৬৭ উইকেট। আজ উইকেট আরো বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। আর ম্যাকগ্রার শিকার ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট। ৭০৮ উইকেট নিয়ে সবার ওপরে শেন ওয়ার্ন। দ্বিতীয় দিন ২ উইকেট নিয়ে ম্যাকগ্রাকে টপকে যান ৩৮ বছর বয়সী লায়ন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩টি। লায়নের কীর্তি গড়া টেস্টে জয়ের পথে অস্ট্রেলিয়া।

এর আগে পার্থ টেস্টে ৮ উইকেটে ও ব্রিসবেন টেস্টে একই ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। আজ জয় পেলে ৩-০তে লিড নেবে কামিন্সের দল। মেলবোর্নে ২৬ ডিসেম্বর চতুর্থ ও ৪ জানুয়ারি পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে।

এখন পর্যন্ত ৭৩টি অ্যাশেজ সিরিজের মধ্যে ৩৪টি সিরিজ জিতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জিতেছে ৩২টি সিরিজ। সাতটি সিরিজ ড্র হয়। অ্যাশেজের বর্তমান শিরোপাধারীও অস্ট্রেলিয়া। ২০২৩ সালে ইংল্যান্ডের মাঠে সিরিজ ড্র করে তারা।