রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংসের পর চতুর্থ দল হিসেবে একাদশ বিপিএলে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। গতকাল ঢাকা ক্যাপিটালকে ৬ উইকেটে হারিয়ে তারা প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। এতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকা দুর্বার রাজশাহীর বিদায় ঘটেছে।

খুলনার দুর্দান্ত বোলিংয়ের মুখে ঢাকা ৯ উইকেটে ১২৩ রানের সাদামাটা সংগ্রহ পায়। তানজিদ হাসান ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকিরা ছিলেন শোচনীয়ভাবে ব্যর্থ। মূলত খুলনার বোলাররা ছিলেন অনবদ্য। হাসান মাহমুদ ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া উইলিয়াম বোসিস্টো ৪ ওভারে ১০ রানের খরচায় নেন ২ উইকেট। এই দুজনই ঢাকাকে কোণঠাসা করে রাখেন।

এরপর ওপেনিংয়ে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫৫ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলে খুলনাকে জেতান। নাঈম শেখ ও আফিফ হোসেন তিন ওভারের মধ্যে আউট হয়ে গেলে অ্যালেক্স রস (১৯ বলে ২২) ও বোসিস্টোকে (২০ বলে ১৮) নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এ জয়ে টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করল খুলনা। তাদের সমান পয়েন্ট রাজশাহীর, যদিও নিট রানরেটে এগিয়ে থেকে শেষ চারে উঠল খুলনা। সোমবার দুপুরে তৃতীয় হওয়া দলের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে মিরাজের দল। ওইদিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে টেবিলের এক ও দুই নম্বর দল। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার ও শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল আসরের।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটাল: ২০ ওভারে ১২৩/৯ (তানজিদ ৫৮, সাব্বির ২০; হাসান ২/৫, বোসিস্টো ২/১০)। খুলনা টাইগার্স: ১৬.৫ ওভারে ১২৮/৪ (মিরাজ ৭৪*, রস ২২, বোসিস্টো ১৮; মুস্তাফিজুর ৩/১৬)। ফল: খুলনা ৬ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স)।

প্লে-অফের সূচি

সোমবার, ৩ ফেব্রুয়ারি

এলিমিনেটর ম্যাচ

বেলা ১টা ৩০ মিনিট

প্রথম কোয়ালিফায়ার

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

বুধবার, ৫ ফেব্রুয়ারি

কোয়ালিফায়ার-২

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি

ফাইনাল, সন্ধ্যা ৭টা