ইংলিশ লিগ কাপ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের অন্যতম সেরা দুই ক্লাব লিভারপুল ও চেলসি। ওয়েম্বলিতে মৌসুমের প্রথম ফাইনাল জিততে মরিয়া দুই দলই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এ মৌসুমে লিভারপুলের সামনে তিনটি ফাইনাল খেলার সম্ভাবনা এবং তার প্রথমটি আজ। এটি আবার ক্লোপেরও শেষের শুরু। নয় বছর গৌরবোজ্জ্বল অধ্যায় শেষে তিনি এ মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাবেন। হতে পারে এটাই ওয়েম্বলিতে তার শেষ ফাইনাল। আজ তাই কারাবাও কাপ জিতে ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে নিজের অধ্যায়টা স্মরণীয় করে রাখতে চাইবেন জার্মান কোচ। মাত্র তিন সপ্তাহ আগেই অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ ম্যাচে চেলসিকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে লিভারপুল। যদিও চোটগ্রস্ত স্কোয়াড নিয়ে এবার কারাবাও কাপ ফাইনালে চ্যালেঞ্জের মুখেই পড়তে পারে অল রেডরা।
গত শনিবার চ্যাম্পিয়ন ম্যানসিটিকে লিগ ম্যাচে ১-১ গোলে রুখে দিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে ব্লুজরা। সিটি সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১ জয়ের পর ড্র করে।
চেলসির উদ্দীপনার অভাব হবে না। কেননা ২০২২ সালের এফএ কাপ ও লিগ কাপ ফাইনালে লিভারপুলের কাছে হেরেছে তারা। উভয় ফাইনালেই তাদের মূল লড়াইয়ে নয়, টাইব্রেকারে হারাতে পেরেছে অল রেডরা। ওই দুটি জয়ে লিভারপুলের সামনে এক মৌসুমে চার শিরোপার হাতছানি ছিল। যদিও ম্যানসিটির কাছে মাত্র ১ পয়েন্টে লিগ শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তারা পরাজিত হয় রিয়াল মাদ্রিদের কাছে।
চলতি মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে নেই লিভারপুল, তারা এখন খেলছে ইউরোপা লিগে। লিগে তারা ৪ পয়েন্টের লিড ধরে রেখেছে। এছাড়া এফএ কাপ আর ইউরোপা লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্লোপের দল। আজ জিতলে বাকি টুর্নামেন্টগুলোতেও ভালো করার অনুপ্রেরণা পাবে ক্লোপের শিষ্যরা।










