টানা তিন জয়ে চলতি বিপিএলে রাউন্ড রবিন লিগ পর্ব শেষ করল দুর্বার রাজশাহী। আজ সোমবার রাতের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমেদের দল। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে উঠে যায়। যদিও তাদের প্লে-অফের টিকিট এখনো নিশ্চিত নয়। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা চট্টগ্রাম কিংস ও ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা খুলনা টাইগার্সের সঙ্গে প্লে-অফের শেষ দুটি টিকিট নিয়ে লড়াই হবে রাজশাহীর।
আজ আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১১৭ রান তুলতে সমর্থ হয় ধুঁকতে থাকা সিলেট। স্পিনার মেহেরাব হাসান ১৫ রানে ৪টি ও পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ৩৩ রানে ৩টি উইকেট নিয়ে সিলেটকে অল্প রানে আটকে দেন। আহসান ভাট্টি ২৫ ও জাকির হাসান ২৪ রান করেন। রাজশাহী ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। রায়ান বার্ল ৩৪ বলে ৪৮ ও আকবর আলী ৩৮ বলে ৪৩ রান করেন।
চট্টগ্রাম বাকি তিন ম্যাচে একটি জিতলেই প্লে-অফের টিকিট পেয়ে যেতে পারে। তবে খুলনাকে দুই ম্যাচের একটিও হারা চলবে না। বৃহস্পতিবার রংপুর রাইডার্সের সঙ্গে ও শনিবার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে খেলবে খুলনা। তারা এই দুই ম্যাচের মধ্যে একটিতে হারলেই প্লে-অফে উঠে যাবে রাজশাহী।










