টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ফুটে উঠল কানপুরে। আজ উত্তেজনায় ঠাসা পঞ্চম ও শেষ দিন ভারতকে হতাশ করে রোমাঞ্চকর ড্র করেছে নিউজিল্যান্ড। বলতে গেলে হারতে হারতে ড্র করেছে সফরকারীরা।
ভারতের ছুড়ে দেয়া ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৮ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান তুলে পঞ্চম দিন পার করে দিতে সমর্থ হয় কিউইরা। টেল-এন্ডারদের অনবদ্য নৈপুন্যে টেস্ট ম্যাচটি ড্র করতে পারে নিউজিল্যান্ড। শেষ দিনে ৯৪ ওভার ব্যাট করে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল মাত্র ১৬১ রান!
কিউইরা যখন নবম উইকেটে হারায়, তখন দিনের আরো ৮.৪ ওভার খেলা বাকি ছিল। তখনো মনে হচ্ছিল, ভারতই ম্যাচটি জিততে যাচ্ছে। কিন্তু রাচিন রবিন্দ্র ও আজাজ প্যাটেলের ব্যাটিং সে ধারণা পাল্টে দেয়। উইকেটে মাটি কামড়ে দলের হার এড়ান দুজন। ৯১ বলে দুই চারে ১৮ রানে অপরাজিত থাকেন রাচিন। তার সঙ্গে ২৩ বল খেলে ২ রান করে অপরাজিত থাকেন প্যাটেল। দুর্ভাগ্য ভারতের। চেষ্টা করেও শেষ ৫২ বলে আর কোনো উইকেট নিতে পারেনি তারা।
নিউজিল্যান্ডের হয়ে উইলিয়াম সামারভিল ৩৬, টম লাথাম ৫২ ও কেন উইলিয়ামসন ২৪ রান করেন। সাত ব্যাটার দুই অংকের ঘরেই যেতে পারেননি। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা চারটি ও রবিচন্দ্র অশ্বিন তিনটি উইকেট নেন।
প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৩৪৫ রান। নিউজিল্যান্ড করেছিল ২৯৬ রান। সাত উইকেটে ২৩৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। নিউজিল্যান্ডকে ২৮৬ রানের টার্গেট দেয় ভারত। এই টার্গেটে জিততে না পারলেও হারেনি কিউইরা।
ম্যাচসেরা হয়েছেন একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করা শ্রেয়াস আয়ার।
৩ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট।










