ইউরোপের বনেদি ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে
প্রায় এক দশক পর ফিরছে ইতালির দুই বর্নাঢ্য ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান। কোয়ার্টার
ফাইনালে আগামীকাল মঙ্গলবার প্রথম লেগে পর্তুগালের বেনফিকার মাঠে খেলবে ইন্টার
মিলান। বুধবার স্যান সিরোয় ইতালির আরেক ক্লাব, সিরি-এ’র চলতি আসরে টেবিল টপার
নাপোলির মুখোমুখি হবে এসি মিলান।
২০১০ সালে হোসে মরিনহোর অধীনে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে ইন্টার
মিলান। পরের বছর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা। এরপর দীর্ঘ খরা এবং এই
প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। এসি মিলান সর্বশেষ ২০১২ সালে কোয়ার্টার
ফাইনাল খেলেছে।
সেই থেকে দুটি ক্লাবই মাঠে ও মাঠের বাইরের ঝড়ে ওলটপালট হয়। উভয় ক্লাবেরই
মালিকানা একাধিকবার পাল্টেছে, সেসঙ্গে কোচও। যাই হোক, বেশ কয়েক বছরের বিপর্যয়
সামলে উঠে সম্প্রতি মিলানের দুই জায়ান্ট দেখা পেয়েছে লিগ শিরোপা। ইন্টার ২০২১ সালে
ও এসি মিলান ২০২২ সালে স্কুদেত্তো জয় করে। এবার চ্যাম্পিয়ন্স লিগেরও কোয়ার্টার
ফাইনাল খেলবে।
এসি মিলান ও ইন্টারের অনুপস্থিতি ইতালির আর কোনো দল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে
পারেনি। যদিও মাঝে দুবার রানার্সআপ হয়েছে জুভেন্টাস।
এসি মিলান সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, আর ইন্টার ইউরোপের মুকুট পরেছে
তিনবার। ইতালির সর্বশেষ দল হিসেবে ইন্টারই পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ।
২০১০ সালে মরিনহোর জাদুতে ট্রেবল (লিগ, ইতালিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) জয় করার
গৌরব অর্জন করে। আর মিলান তাদের সাত শিরোপার সর্বশেষটি জিতেছে ২০০৭ সালে
লিভারপুলকে হারিয়ে।
এ সপ্তাহে অন্য দুটি কোয়ার্টার ফাইনালে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
বুধবার খেলবে দুইবারের চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে, আর মঙ্গলবার রাতে ইংলিশ
প্রিমিয়ার লিগ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন
মিউনিখের বিপক্ষে। বায়ার্ন সাতবারের ইউরোপসেরা।
মিলানের দুই ক্লাব যখন তাদের সেরা সময় কাটায় তখন তারা ছিল যথাক্রমে সিলভিও
বেরলুসকোনি ও মাসিমো মোরাত্তির মালিকানায়। ১৯৯৫ সাল থেকে ইন্টারের মালিকানায় থাকা
মোরাত্তি ২০১৩ সালে এসে এরিক তোহিরের নেতৃত্বাধীন এক ইন্দানেশিয়ান ব্যবসায়ী
গ্রুপের কাছে বৃহদাংশ শেয়ার বিক্রি করে দেন। এর তিন বছর পর রিটেইল জায়ান্ট সানিং
ক্লাবের মালিকানা নেয়। ইন্টারের এই রদবদলের কিছুদিন আগেই এসি মিলানেও আসে চীনা
মালিকানা।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি ২০১৭ সালে চীনা কনসোর্টিয়ামের কাছে এসি
মিলান বিক্রি করে দেয়ার আগে প্রায় ৩০ বছর এই ক্লাবটির কর্তৃত্বে ছিলেন। পরের বছর
ক্লাবটির মালিকানায় আসে আমেরিকান হেজ ফান্ড ইলিয়ট ম্যানেজমেন্ট। পরের বছর এটিকে আবারও
বিক্রি করে দেয়া হয়। এবার মালিকানায় আসে আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড
ক্যাপিটাল পার্টনার্স।










