স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি-এতে চলতি ২০২১-২২ মৌসুমে শীর্ষ ক্লাবগুলোই রয়েছে শিরোপা দৌড়ে।

স্প্যানিশ লা লিগায় এবার শিরোপার দৌড়ে নেই চিরায়ত ফেভারিট বার্সেলোনা। শুক্রবার পর্যন্ত ২৩ রাউন্ডের খেলা শেষে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া এবং ৪০ পয়েন্ট পেয়ে তিনে রিয়াল বেটিস। শুক্রবার রাতে এলচের বিপক্ষে ২-০ গোলে জিতেছে সেভিয়া। রিয়াল মাদ্রিদ গতকাল রাতে ভিলারিয়ালের মুখোমুখি হয়। ২২ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে চারে বার্সা, যারা আজ রাতে খেলবে এস্পানিওলের বিপক্ষে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেভিয়া থেকে ৭ পয়েন্টে এগিয়ে রিয়াল। মৌসুম শেষে কোচ কার্লো আনচেলত্তির হাতে লা লিগা শিরোপা দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির মধ্যে পয়েন্ট টেবিলের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। কিন্তু মাঝপথে এসে পিছিয়ে পড়ে টমাস টুখেলের চেলসি। ২৪ রাউন্ড খেলে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে দ্য ব্লুজ। বৃহস্পতিবার রাতে লেস্টার সিটিকে ২-০ গোলে হারানোর পর ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সিটিজেনরা চেলসির চেয়ে ১৩ পয়েন্ট এবং অল রেডদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শিরোপার সুবাস পাচ্ছে।

গতকাল রাতে সিটি মুখোমুখি হয় নরউইচ সিটির, আর লিভারপুল আজ মুখোমুখি হবে বার্নলির। এ রাউন্ডে অনুপস্থিত চেলসি, যারা গতকাল রাতে ক্লাব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের।

জার্মান বুন্দেসলিগায় টানা নয় মৌসুমে শিরোপা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমেও শীর্ষে তারা। এখন পর্যন্ত ২১ রাউন্ড শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাভারিয়ানরা। সমান ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বায়ার লেভারকুসেন।

ফরাসি লিগ ওয়ানে টানা সাত মৌসুম শিরোপা জয়ের পর গত মৌসুমে হাতছাড়া করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শিরোপা জিতে নেয় লিল। তবে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে ভালোভাবেই ছুটছে প্যারিসিয়ানরা। ২৪ রাউন্ডে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসি, নেইমারদের পিএসজি।

সিরি-এর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গত মৌসুমে প্রায় ১০ বছর পর শিরোপা জয় করে তারা। চলতি মৌসুমেও শিরোপার দৌড়ে আছে ক্লাবটি। ২৩ রাউন্ড শেষে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইন্টার। এক রাউন্ড বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি ও তিনে এসি মিলান। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে জুভেন্টাস। গতকাল রাতে মুখোমুখি হয় টেবিলের দুই শীর্ষ দল ন্যাপোলি ও ইন্টার মিলান। বিবিসি