দল যখন বিপর্যস্ত তখন উল্টো আগ্রাসী হয়ে ৩৩ বলে খেললেন ৬১ রানের ঝড়ো ইনিংস। ঋষভ পন্তের এই সাহসী ব্যাটিংই সিডনি টেস্টে ভরাডুবি থেকে বাঁচিয়েছে ভারতকে। দুদিন শেষেই ফলাফল দেখছে সিডনি টেস্ট। প্রথম ইনিংসে ভারতের ১৮৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছেড়েছে ভারত। সফকারীদের লিড ৪ উইকেট হাতে নিয়ে ১৪৫ রানের।

ভালো শুরুর পরও স্কট বোল্যান্ডের দুর্দান্ত এক স্পেলে এলোমেলো ভারত। লোকেশ রাহুল, জশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে ভারতকে চেপে ধরেন বোল্যান্ড। সফরকার দলের সংগ্রহ তখন ৬৯/৩। এরপর পন্তের মারমুখী ব্যাটিংয়ে একশ পেরিয়ে যায় ভারত। পন্ত মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করেন। এই ঝড় থামিয়েছেন অসি দলনায়ক প্যাট কামিন্স। উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন বামহাতি পন্ত। ৬টি বাউন্ডারি ও ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি।

শুভমন গিল ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে দুটি ঝড়ো গতির জুটি গড়েন পন্ত। গিলের সঙ্গে ১৩ বলে ১৯ রানের জুটিতে তার রান ১৭ এবং জাদেজার সঙ্গে ৪২ বলে ৪৬ রানের জুটিতে তার রান ৪৪!

দিনের একেবারে শেষ মুহূর্তে নিতিশ কুমার রেড্ডিকে হারায় ভারত। জাদেজা (৮*) ও ওয়াশিংটন সুন্দর (৬*) অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। বোল্যান্ড ৪২ রানে ৪ উইকেট নেন।

এর আগে মোহাম্মদ সিরাজ (৩/৫১), প্রসিদ্ধ কৃষ্ণ (৩/৪২), জশপ্রীত বুমরা (২/৩৩) ও নিতিশের (২/৩২) দারুণ বোলিংয়ে অজিরা ১৮১ রানে গুটিয়ে যায়।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কার সিরিজের ট্রফি ধরে রাখতে চাইলে এই ম্যাচটি জিততেই হবে ভারতকে।