অ্যাশেজের প্রথম টেস্টে দারুণ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
কিন্তু এর আগে অস্ট্রেলিয়া শিবিরে আসলো দুঃসংবাদ! সাইড ইনজুরির কারণে দিবা-রাত্রি টেস্টটি খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন আরেক পেসার ঝাই রিচার্ডসন।
প্রথম টেস্টেই চোটের সমস্যায় ভোগেন হ্যাজেলউড। ব্রিসবেনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। তবে এই চোট নিয়ে খুব বেশি ভাবছে না অজি টিম ম্যানেজমেন্ট। চোট যাতে বড় আকার ধারণ না করে সেই জন্যই জশকে বিশ্রাম দেয়া হচ্ছে। তবে চিন্তা থেকে যাচ্ছে ওপেনার মার্কাস হ্যারিসের ফর্ম নিয়ে। তিনি এখনো ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দেয়ার মতো পারফর্ম করে উঠতে পারেননি।
এদিকে অস্ট্রেলিয়ার দুঃসংবাদের সময় স্বস্তির খবর ইংলিশ শিবিরে। পিংক বলের টেস্টে দলে ফিরছেন দুই অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় টেস্টের জন্য যে অ্যান্ডরসন প্রস্তুত হচ্ছেন তা প্রথম টেস্টের আগেই বলেছে ইসিবি। এবার ইংলিশ কোচ সিলভারউড জানিয়েছেন, স্টুয়ার্ট ব্রডও এই টেস্টে থাকছেন।










