ইংলিশ প্রিমিয়ার লিগে আজ এভারটনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ রাউন্ড শেষে রেড ডেভিলদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। শীর্ষ দুটি স্থানে যথাক্রমে আর্সেনাল (২৯ ম্যাচে ৭২) ও ম্যানচেস্টার সিটি (২৮ ম্যাচে ৬৪)। ম্যানইউর চেয়ে এক ম্যাচ কম খেলেছে চারে নেমে যাওয়া নিউক্যাসল।

 

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ৩৬ মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে লিড নেয় ম্যানইউ। সাঞ্চোর পাসে গোলটি করেন তিনি। ৭১ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের পাস থেকে গোল ব্যবধান ২-০ করেন অ্যান্থনি মার্শিয়াল।

 

আজকের এই হারের পর এভারটন ১৬তম স্থানে রয়েছে। যদিও তাদের পয়েন্ট ১৮তম স্থানধারী বোর্নমাউথের সমান। কাজেই বিপদসীমায় রয়েছে দলটি।  

 

জয় শেষে ম্যাকটোমিনে বলেন, ‘‌গোল করে ভালো লাগছে। আসলে প্রথমার্ধেই আমাদের তিন-চারটি গোল পাওয়া উচিত ছিল। আমাদের আরো নিখুঁত হতে হবে। আশাকরি ম্যানেজারই এটা বলবেন।’