দুর্দান্ত কামব্যাকে লা লিগার শিরোপার পথে আরেক ধাপ এগোল বার্সেলোনা। এদিন রিয়াল ভায়াদোলিদের সঙ্গে প্রথম একাদশের বেশিরভাগ তারকাকে বেঞ্চে রেখে ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। এরপর একেবারে শুরুতেই গোল হজম। বিরতির আগে তারা আর রিয়াল ভায়াদোলিদের কোনো পরীক্ষাই নিতে পারেনি। তবে দলটি বার্সেলোনা হওয়ার কারণে সমর্থকদের বিশ্বাস ছিল যেকোনো সময়ে কামব্যাকের। ভক্ত-সমর্থকদের সেই বিশ্বাসের প্রতিদানও দিয়েছে বার্সা। দ্বিতীয়ার্ধে কয়েকটি বদলের পর দুর্দান্ত কামব্যাকে রিয়াল ভায়োদোলিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগোল বার্সেলোনা।
৩৪ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৭৯। শিরোপা দৌড়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে (৭২)।
শনিবার রাতে ভায়োদোলিদের করা শুরুর গোলটি ছিল সবার জন্য চমক। ডি-বক্সের ভেতর থেকে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের মাথার উপর দিয়ে ক্রস শটে সরাসরি বল জালে ফেলেন ভায়োদোলিদের ইভান সানচেজ। স্বাগতিক দলের এ গোল দেখে বার্সা সমর্থকরা তো নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেনি। টেবিলের তলানিতে থাকা দলটির কাছে শীর্ষে থাকা দলের এত দ্রুত গোল হজম তো তারা মানতেই পারছিলেন না। আবার বার্সার ফুটবলারদের প্রতি দৃঢ় বিশ্বাসও ছিল।
দ্বিতীয়ার্ধে কয়েকজনকে বদলি নামান বার্সা কোচ ফ্লিক। ৫১তম মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক ঠেকিয়ে দেয়ার পর, তার গোলেই সমতায় ফেরে বার্সেলোনা। মিনিট তিনেক পর লামিনে ইয়ামালের ক্রসে আরাউহো মাথা ছোঁয়াতে পারেননি। সেখান থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জাল কাঁপিয়ে ফেরেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচে লিড নিতেও তেমন সময় নেয়নি কাতালানরা। ৬০ মিনিটে মার্টিনের বাড়ানো বল ধরে লোপেজে দূরের পোস্টে শট নেন। যা ভায়াদোলিদ গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে ঠিকানা খুঁজে নেয় জালে। এগিয়ে যায় বার্সা।
নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত রাখে। তবে রক্ষণ কিংবা গোলরক্ষকের সামনে সেভাবে কেউই সুবিধা করতে পারেনি। একাধিক প্রচেষ্টা ঠেকিয়েছেন দুই গোলরক্ষকই। ফলে ২-১ গোলের জয়ে ফিরছে সফরকারী কাতালান শিবির। ইন্টার মিলানের বিপক্ষে দু’দিন বাদেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াই তাদের। তার আগে লা লিগায় পয়েন্ট ধরে রাখাও তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।










