ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু হচ্ছে আজ শনিবার। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
উদ্বোধনী ম্যাচ শুরুর আগে রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে তারার মেলা। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খান ছাড়াও সালমান খান, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্ত পারফর্ম করবেন বলে জানা গেছে। এছাড়া অতিথির তালিকায় আছেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। গান গাইবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র্যাপার করণ আউজলা।
আজ শুরু হবে ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের।
১৮তম আসরে অংশ নেবে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, গুজরাট রাইটানস, লখনৌ সুপার জায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ানস। এছাড়া কলকাতা তিনবার এবং হায়দরাবাদ, রাজস্থান, গুজরাট ও বিলুপ্ত ডেকান চার্জার্স একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।
অবশ্য আজ উদ্বোধনী ম্যাচে চোখ রাঙাচ্ছে বৈরি আবহাওয়া। শুক্রবার রাতে কলকাতায় বৃষ্টি হওয়ার পর আজ দুপুরে রোদের দেখা মিলেছে সত্যি, তবে ম্যাচের সময় হঠাৎই বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।










