ভারতে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচসহ বেশকিছু ম্যাচের সূচিতে পরিবর্তন আনা নিয়ে আলোচনা চলছিল কয়েকদিন ধরে। অবশেষে গত বৃহস্পতিবার এ পরিবর্তন নিয়েই নতুন করে সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশেরও তিনটি ম্যাচের দিনক্ষণ কিংবা শুরুর সময় পাল্টে গেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে, যা ১৫ অক্টোবরের পরিবর্তে একদিন এগিয়ে এনে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগের মতোই ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। 

সূচি পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পাকিস্তান, বাংলাদেশ ও ইংল্যান্ড দলের ওপর। তিনটি দলেরই তিনটি করে ম্যাচের দিনক্ষণ কিংবা শুরুর সময় বদলে গেছে। 

ভারত-পাকিস্তান ম্যাচ এগিয়ে আনার প্রভাব পড়েছে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচেও। ওই ম্যাচটি এখন ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে, যাতে ভারত ম্যাচের জন্য অনুশীলন করতে পাকিস্তান যথেষ্ট সময় পায়। এর প্রভাব পড়েছে আরেকটি ম্যাচেও। লখনৌতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচ ১৩ অক্টোবরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

দিল্লিতে ইংল্যান্ড ও আফগানিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর, এখন তা পিছিয়ে নেয়া হয়েছে ১৫ অক্টোবর। চেন্নাইতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ ১৪ অক্টোবরের পরিবর্তে এখন ১৩ অক্টোবর ডে-নাইট অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়।

ধর্মশালায় বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচটি আগের সূচি অনুযায়ী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে এটি ডে-নাইটে নয়, দিনের আলোতেই অনুষ্ঠিত হবে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু বেলা ১১টায়।

১২ নভেম্বর দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। পুনেতে ওইদিনের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ এবং কলকাতায় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ আগের দিন ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব কালী পূজার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন আবেদন জানালে কলকাতার ওই ম্যাচটি এগিয়ে আনা হয়। রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীদের সঙ্গে বাংলাদেশের খেলা শুরু হবে বেলা ১১টায়।

নতুন সূচিতে লিগ পর্ব ১১ নভেম্বরের পরিবর্তে শেষ হবে ১২ নভেম্বর। ওইদিন বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ভারত। 

৫ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। আহমেদাবাদে ১৮ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় দুটি সেমিফাইনাল। 

এদিকে, ভারতের মাটিতে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দিয়েছে দেশটির সরকার। ফলে কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটল। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান ধারাবাহিকভাবেই বলে এসেছে, ক্রীড়ার সঙ্গে রাজনীতিকে মেলানো উচিত নয়। ফলে সরকার আসন্ন আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে, দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক যেন কোনোভাবেই আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোতে বাধার সৃষ্টি করতে না পারে।’

এশিয়া কাপে পাকিস্তানের মাঠে খেলতে যেতে অপারগতা জানায় ভারত। তাই দুই দেশের ম্যাচ হবে শ্রীলংকার মাঠে। এ নিয়ে পাকিস্তান সরকার বলছে, ‘পাকিস্তানের সিদ্ধান্ত গঠনমূলক। আমরা দায়িত্বশীল আচরণ করলেও ভারত কিন্তু একরোখা মনোভাব বজায় রেখে তাদের দলকে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে দেয়নি।’

নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তাপ ও উন্মাদনা। এবার খেলা ভারতের মাঠে বলে এটি একটু বেশিই। আহমেদাবাদে খেলা নিয়ে পাকিস্তান আপত্তি জানায়। যদিও ভারত অনড় থাকে সিদ্ধান্তে। এর পরও নানা ঘটনা-নাটকীয়তা চলছিল। হিন্দু ধর্মের উৎসব নবরাত্রির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে। এর প্রভাব পড়ছে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচেও। ওই ম্যাচটি ১২ অক্টোবর থেকে এগিয়ে ১০ অক্টোবর আনা হয়েছে। সূচি পরিবর্তনের এ সিদ্ধান্ত মেনে নিয়েছে পিসিবি। এর পরই পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আইসিসি। সেদিন জানিয়ে দেয়া হয়েছে, টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট।

এবারের বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০টি দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।