বাংলাদেশের পুরুষ ফুটবল দল ঘুমিয়ে থাকলেও উজ্জ্বল নারীরা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা দেশকে দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয়ের আনন্দে ভাসিয়েছেন ২০২৪ সালে। লিওনেল মেসিদের কোপা আমেরিকা জয় এবং লামিনে ইয়ামাল ও রদ্রিদের স্পেনের ইউরোপা জয়ের বছরে বড় অর্জন আছে বাংলাদেশ নারী ফুটবলেও। ২০২২ সালের পর আবারো সাফ শ্রেষ্ঠত্ব পায় বাংলাদেশের মেয়েরা।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিজয় নিশান ওড়ে বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পান সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মনিকারা। ২০২২ সালে এ মাঠেই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতেছিলেন সাবিনারা।
সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দেয়া সাবিনারা ফাইনালেও ফেভারিট হিসেবে খেলতে নামেন। যদিও ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে আসা নেপালও শিরোপার আশায় ছিল। তাদের সঙ্গী ছিল ভারতকে হারানোর আত্মবিশ্বাস, ঘরের মাঠে হাজার হাজার দর্শকের চিৎকার আর গতবারের হারের প্রতিশোধস্পৃহা। যদিও এসব কিছুই বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত হিমালয় জয় করেই দেশে ফিরছেন বাংলাদেশের বীরাঙ্গনারা।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে গিয়ে অবশেষে ডেডলক ভাঙেন মনিকা চাকমা। ৫২ মিনিটে গোল করেন তিনি। এর ৪ মিনিট পরই গোল পরিশোধ করে নেপালের শিরোপার আশা বাঁচিয়ে রাখেন আমিশা কারকি। এরপর লড়াই চলতে থাকে সমানে সমান। ৮১ মিনিটে আরেক পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ২-১-এ। এরপর নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে আরো ৫ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠানোর মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হন সবিতা ভান্ডারিরা।
সাফে এ নিয়ে ছয়বার ফাইনাল খেলে প্রতিবারই হেরেছে হিমালয়পাড়ের দেশটি। ভারতের কাছে চারবার ও বাংলাদেশের কাছে দুবার হেরেছে তারা। বাংলাদেশ তিনবার ফাইনাল খেলে দুবার শিরোপা জিতেছে। ২০১৬ সালের ফাইনালে ভারতের কাছে হেরেছিলেন সাবিনারা।
সাফ চ্যাম্পিয়ন হয়ে অভিনন্দনের জোয়ারে ভেসেছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দলটিকে ডেকে নিয়ে সংবর্ধনা দিয়েছেন। ফুটবল মাঠে বাজিমাত করে মেয়েরা অর্থ পুরস্কারও পাচ্ছেন ঢের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কক্সবাজারে জমকালো সংবর্ধনার পাশাপাশি এক কোটি টাকা, ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেড় কোটি টাকা ও বিসিবি ২০ লাখ টাকা পুরস্কার দিয়েছে মেয়েদের। এছাড়া সাউথ ইস্ট ব্যাংক দিয়েছে সংবর্ধনা ও অর্থ পুরস্কার।
মেয়েদের সাফল্য পাওয়ার বছরে বাংলাদেশের ছেলেদের দল বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে, লেবাননের কাছে ৪-০ গোলে, সুদানের কাছে ৩-০ গোলে, অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে, মালদ্বীপের কাছে ১-০ গোলে ও সুদানের কাছে ১-০ গোলে হেরেছে।
এ বছর লাতিন মহাদেশের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর এটা লিওনেল মেসিদের ব্যাক-টু-ব্যাক বড় শিরোপা। গত ১৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আসরের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। ১১২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ।

মেসির হাতে কোপার শিরোপা। ছবি: রয়টার্স
এটা আর্জেন্টিনার রেকর্ড ১৬তম শিরোপা। কোপার সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার হামেশ রদ্রিগেজ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন লাউতারো মার্টিনেজ, আর সেরা গোলকিপার আর্জেন্টিনার এমি মার্টিনেজ।
এ বছর ১৭তম ইউরোর শিরোপা জিতেছে স্পেন। তারুণ্যনির্ভর স্পেন দল বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো জয় করে। তারা ১৯৬৪ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১২ সালে তৃতীয় ও ২০২৪ সালে চতুর্থবার ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করে।
এদিকে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ মুকুট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত রিয়ালের এটা রেকর্ড ১৫তম শিরোপা। ১ জুন লন্ডনের ওয়েম্বলি ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারায় লস ব্লাঙ্কোসরা।

চতুর্থবারের মতো স্পেনের ইউরোপ জয়। ছবি: এপি
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ, ইতালিয়ান সিরি-এ লিগে ইন্টার মিলান, জার্মান বুন্দেসলিগায় লেভারকুসেন ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই চ্যাম্পিয়ন হয়।










