আইসিসি টি২০ বিশ্বকাপে এ নিয়ে চতুর্থবার ‘একশ’ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ, চলমান বিশ্বকাপে যা দ্বিতীয় নজির। নিজেদের আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহর দল মাত্র ৭৩ রানে গুটিয়ে গেল। অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে ১৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকটে নিয়ে একাই ধস নামান অজি লেগি জাম্পা।

বিশ্বকাপ স্বপ্নতো আগেই গুঁড়িয়ে যায়। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য কেবল একটি সান্ত্বনার জয়। কিন্তু এই স্কোর দিয়ে কি বাংলাদেশ পারবে সেই লক্ষ্যে পৌঁছতে? ব্যাট করতে নেমেই আসা-যাওয়ার প্রতিযোগিতায় শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। ৩৩ রান তুলতেই হারায় ৫ উইকেট। ম্যাচে ৪টি ইনিংস ছিল শূন্য রানের। এর মধ্যে লিটন-মেহেদির ‘গোল্ডেন ডাক’। দুই অঙ্ক ছুঁয়েছেন তিন ব্যাটার!

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

সান্ত্বনার জয় খুঁজতে নামা বাংলাদেশ দল এ ম্যাচে একাদশে আনে একটি পরিবর্তন। স্পিনার নাসুম আহমেদকে বাদ দিয়ে দলে যুক্ত করা হয় মোস্তাফিজুর রহমানকে।

ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ‘গোল্ডেন ডাক’- এ সাজঘরে ফিরেন লিটন দাস। মিচেল স্টার্কের বলে বেল উড়িয়ে যায় তার। ১ রানে ১ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ওভারের শেষ বলে আবারো উইকেট খোয়ায়। এবার শিকার সৌম্য সরকার। জশ হ্যাজেলউড প্যাভিলিয়নে পাঠান তাকে। সৌম্যর অর্জন ৫ রান। পরের ওভারে গ্লেন ম্যাক্সওয়েল এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুশফিকুর রহিমকে। এক রান আসে তার ব্যাট থেকে। ১০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৩২ রানের মাথায় ফেরেন নাইম শেখও। ১৭ রান করে নাইম। দলীয় স্কোরে এক রান যোগ হতেই আফিফ হোসেনও সাজঘরে ফেরেন। রানের খাতাই খোলা হয়নি তার। মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম হোসেন কিছুটা মেরামত করার চেষ্টা করলেও বেশিক্ষণ থাকেনি এ প্রতিরোধ। ১৯ রান করে ফেরেন শামীম। এরপর বলার মতো স্কোর শুধু মাহমুদউল্লাহর ১৬ রান। তাসকিন আহমেদ ৬ রানে অপরাজিত থাকেন। জাম্পা ৫ উইকেট ও স্টার্ক-হ্যাজেলউড নেন ২টি করে উইকেট।