লিওনেল মেসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এফসি বার্সেলোনা। কিন্তু আজেন্টাইন খেলোয়াড়টি এ বিদায় মন থেকে মেনে নিতে পারছে না। আজ ন্যু ক্যাম্পের এ অনুষ্ঠানে বক্তব্য শুরুর আগে চোখের জল ধরে রাখতে পারলেন না। বারবার চোখের জল মুছে চলেছেন ফুটবলের এই মহাতারকা। খানিকটা আবেগ সামলে জানালেন, বার্সেলোনা ছেড়ে যাওয়ার জন্য মানসিকভাবে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। খবর এপি।
৩৪ বছর বয়সী মেসি বললেন, বহু বছর, আমার গোটা জীবনই এখানে কাটিয়ে দেয়ার পর এটা (বিদায়) অত্যন্ত কঠিন। আমি প্রস্তুত ছিলাম না।
অপ্রত্যাশিত এই বিদায়কে ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন’ মুহূর্ত বলে অভিহিত করলেন তিনি। বিদায় অনুষ্ঠানে মেসির পরিবার ও তার কিছু সতীর্থ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে ভবিষ্যত নিয়ে কোনো কথা বলেননি মেসি। তবে এটুকু বলেছেন, বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণার পর তিনি একাধিক ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন।
গত বৃহস্পতিবার এক আকস্মিক ঘোষণায় বার্সেলোনায় জানিয়ে দেয়, লা লিগার ফাইন্যান্সিয়াল ফেয়ার-প্লের নিয়ম মেনে মেসির সঙ্গে নতুন চুক্তি সাক্ষর করা সম্ভব নয়, ফলে তারা ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে পারছে না। বিশাল দেনার কারণে বার্সার খেলোয়াড়দের বেতন বিলও অনেক কমাতে হয়েছে। প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ক্লাবের এই পরিস্থিতির জন্য করোনাভাইরাস মহামারী আর আগের প্রশাসনকে দায়ী করেন।
টিনএজ হিসেবে আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় পাড়ি জমানো মেসি ক্লাবটিতে প্রায় দুই দশক কাটিয়ে দিলেন। ২০০৪ সালে ১৭ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয় তার। এরপর মূল দলে তিনি ১৭ মৌসুম খেলেছেন। এ সময় চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দশটি লা লিগা, সাতটি কোপা ডেল রে ও আটটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।
৬৭২ গোল নিয়ে তিনি বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৭৭৮ ম্যাচ, যা আরেকটি রেকর্ড। লা লিগায় ৫২০ ম্যাচে ৪৭৪ গোল করে তিনি সবার উপরে।
লা লিগায় আট মৌসুমে সর্বোচ্চ গোলদতা ছিলেন মেসি, চ্যাম্পিয়ন্স লিগেও ছয় মৌসুম শীর্ষ গোলদাতা ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ ও বার্সেলেনার চিরলড়াই এল ক্ল্যাসিকোয় সর্বোচ্চ ২৬ গোল তারই করা।










