ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ লো-স্কোরিং ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৮৩ রানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জকে ১৬৮ রানে অলআউট করার কৃতিত্ব দেখানো ব্রাদার্স নিজেরাও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। দলটি ২২.২ ওভারে মাত্র ৮৫ রানে সবকটি উইকেট হারায়। এই হারে অবনমনের ঝুঁকিতে পড়ল মোহাম্মদ আশরাফুলের দল। আর সুপার লিগে খেলা প্রায় নিশ্চিত রূপগঞ্জের। আজ আরেক ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়ে অবনমন এড়াতে সক্ষম হলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ইরফান হোসেন (৪/২৩) ও চতুরাঙ্গা ডি সিলভার (২/২৮) দুরন্ত বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৬৮ রানে আটকে দেয় ব্রাদার্স। যদিও বোলারদের সাফল্যকে কাজে লাগাতে ব্যর্থ দলের ব্যাটাররা। চিরাগ জনি (৪/২২) ও নাঈম ইসলামের (৩/২০) দুর্দান্ত বোলিংয়ের মুখে ব্রাদার্স ৮৫ রানে গুটিয়ে যায়।

 

৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবনমন ঝুঁকিতে ব্রাদার্স, অন্যদিকে সুপার লিগে এক পা দিয়ে রাখল রূপগঞ্জ (৯ ম্যাচে ১৪ পয়েন্ট)।

 

শাইনপুকুরকে হারিয়ে এবারের লিগ শুরু ব্রাদার্সের। যদিও এরপর টানা ৫ হারে ব্যাকফুটে চলে যায় আশরাফুলের দল। মাঝে একটি জয়ের পর আবার টানা দুই হার। ১১ দলের এই লিগে টেবিলের ১০ নম্বরে রয়েছে ব্রাদার্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে খেলাঘর।

 

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা হয় ৩৩ ওভারের। তাতে খেলাঘর ৮ উইকেটে ২১৬ রান তোলে। অমিত মজুমদার ৫৭ ও সালমান হোসেন ইমন ৩৪ রান করেন। আলাউদ্দিন বাবু ৪৫ রানে চারটি ও রিপন মন্ডল ৩৯ রানে দুটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে অভিষেক মিত্র (৬২) ও গাজী তাহজিবুল ইসলামের (৪০) ব্যাটে ভর করে জয় তুলে নেয় শাইনপুকুর।

১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ পর্ব শেষ করল শাইনপুকুর। তারা রয়েছে টেবিলের আট নম্বরে। এ মৌসুমে শাইনপুকুরের সুপার লিগে খেলা হচ্ছে না। তবে স্বস্তি, তাদের অবনমনও হচ্ছে না।

 

অবনমন প্রশ্নে এই ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। শাইনপুকুর বেঁচে গেলেও এখন অবনমনের ঝুঁকিতে খেলাঘর। অথচ আজ তারা জিতলে অবনমন এড়াতো, আর ঝুঁকিতে থাকত শাইনপুকুর ও ব্রাদার্স।

 

উল্লেখ্য, এবার অনবমন ঘটবে একটি দলের। ব্রাদার্স ও খেলাঘরের মধ্যে একটি দলের অবনমন ঘটবে। শুক্রবার বিকেএসপিতে ব্রাদার্স-খেলাঘর ‘ফাইনাল’। মানে, ওই ম্যাচের বিজয়ী দল টিকে থাকবে, আর পরাজিত দল নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।