বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৮৬ রান তুলে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের তিনজন। শন উইলিয়ামস ১৭৪ বলে ১৫৪, ব্রায়ান বেনেট ১২৪ বলে ১১০ ও ক্রেগ আরভিন ১৭৬ বলে ১০৪ রান করেন।
শন উইলিয়ামসের দাপটে ৮৫ ওভারে ৩৬৩ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে। পঞ্চম টেস্ট সেঞ্চুরি করা শন আজ সকালে দ্রুতই সাজঘরে ফিরে যান। তিনি ক্রেগ আরভিনের সঙ্গে ১৬৩ রানের জুটি গড়েন। শনের বিদায়ের পর বেনেটকে নিয়ে ১১৯ বলে ৮২ রানের জুটি গড়েন স্বাগতিক দলের অধিনায়ক। চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পরপরই সাজঘরের পথ ধরেন ৩৯ বছর বয়সী আরভিন।
তবে লড়াই সেখানে শেষ হয়ে যায়নি। টেল-এন্ড নিয়ে লড়ে বোর্ডে আরো একশরও বেশি রান যোগ করেন বেনেট। তিনি ১২৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন। এটা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। নিউম্যান নিয়ামহুরি, ব্লেসিং মুজারাবানি ও ট্রেভর গুয়ান্দুর সঙ্গে তিনটি কার্যকর জুটি গড়েন বেনেট।
আফগানিস্তানের আল্লাহ গজনফর তিনটি এবং নাভিদ জাদরান, জহির খান ও জিয়া-উর-রেহমান প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।










