শ্রীলংকার ইনিংসের ১১৩তম ওভারের প্রথম বলে দিনেশ চান্দিমালকে (৬৬) এবং পঞ্চম বলে নিরোশান ডিকভেলাকে (৩) ফিরিয়ে প্রথম সেশনে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন নাঈম হাসান। ৬ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথুস ১৪৭ ও রমেশ মেন্ডিস ১ রানে অপরাজিত রয়েছেন।
গতকাল প্রথমদিন দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৫৮ রান। ম্যাথুস ১১৪ ও দিনেশ চান্দিমাল ৩৪ রানে ক্রিজে ছিলেন। আজ সোমবার সেখান থেকে দারুণভাবে শুরু করেন দুই অপরাজিত ব্যটার। দিনের প্রথম সেশনের ২৩ ওভার পার করেছেন কোনো বিপদ ছাড়াই।
দেখে-শুনে খেলে হাফসেঞ্চুরি তুলে নেন এই বছর প্রথম টেস্ট খেলতে নামা চান্দিমাল। কিন্তু দিনের ২৪তম ওভারের প্রথম বলে চান্দিমালকে এলবিডব্লিউর শিকার বানান নাঈম হাসান। আউট হওয়ার আগে ১৪৮ বল মোকাবেলায় ৬৬ রান করেন এই মিডলঅর্ডার ব্যাটার।ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার বাউন্ডারি। ম্যাথুসের সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েছিলেন তিনি। চান্দিমালকে ফিরিয়ে ওই ওভারের পঞ্চম বলেই ডিকভেলাকেও ফেরান এই অফস্পিনার। ৩ রান করে সরাসরি বোল্ড হন এই উইকেটরক্ষক ব্যাটার। তাতে চলতি টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত নাঈমের শিকার হলো ৪ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান।










