ইউরোপিয়ান প্লে-অফের সেমিফাইনালে ইতালি হেরে যাওয়ায় পর্তুগালের বিশ্বকাপে খেলার পথটা কিছুটা মসৃণ। আজ ফাইনালে নর্থ মেসেডোনিয়াকে হারাতে পারলেই পাথ-সি থেকে কাতার বিশ্বকাপ খেলার টিকিট কাটবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। চেনা মাঠ, ঘরের ময়দান এস্তাদিও দো দ্রাগাওয়ে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে নর্থ মেসেডোনিয়া ও পর্তুগালের ম্যাচটি শুরু হবে।
এদিকে প্লে-অফের আরেক ফাইনালে একই সময়ে মুখোমুখি হবে পোল্যান্ড ও সুইডেন। পাথ-বি এর সেমিফাইনালে চেক রিপাবলিককে ১-০ তে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সুইডেন। গ্রুপের আরেক ম্যাচে রাশিয়া খেলার কথা ছিল পোল্যান্ডের বিপক্ষে। ইউক্রেনে আগ্রাসনের কারণে ফিফা ও উয়েফা রাশিয়াকে নিষিদ্ধ করায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল নিশ্চিত হয় পোলিশদের। সুইডেনকে বিশ্বকাপে তুলতে অবসর ভেঙে জাতীয় দলে ফেরানো হয়েছিল জ্লাতান ইব্রাহিমোভিচকে। ৪০ বছর বয়সী এ স্ট্রাইকারের বিপক্ষে পাঞ্জা দিতে দাঁড়িয়ে আছেন পোল্যান্ড সুপারস্টার রবার্ট লেভানদোভস্কি। যে কোনো একজনকে দেখা যাবে কাতার বিশ্বকাপে।
একবিংশ শতাব্দীতে বিশ্বকাপের সব আসরেই খেলেছে পর্তুগাল। ফাইনালে নামার আগে কাপ্তান রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়! প্লে-অফের সেমিফাইনালে তুরস্ককে ৩-১ গোলে উড়িয়ে সেরকমই আভাস দিয়ে রেখেছে পর্তুগিজরা। ইতালির পর পর্তুগাল যদি বিদায় নেয়, মরুর দেশে ভক্তদের জন্য হবে পানসে বিশ্বকাপ।
মাত্র ২১ লাখ জনসংখ্যার দেশ নর্থ মেসেডোনিয়ার বড় কোনো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা কেবল- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০। এর আগে কখনোই বড় কোনো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ছিল না তাদের। সেই তারাই এখন বিশ্বকাপে ওঠার খুব কাছে। প্লে-অফের সেমিফাইনালে ইতালিকে তাদের মাঠেই হারিয়ে দেয়া দলটির নামে পাশে জুড়ে গেছে জায়ান্ট কিলার তকমা। ওই এক জয়ের কারণেই অবশ্য নয়; বাছাইয়ে গত বছরের মার্চে জার্মানিকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছিল নর্থ মেসিডোনিয়া। সব মিলিয়ে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে দেশটি। পর্তুগালের জন্য দুর্ভাবনার ব্যাপার, বাছাইয়ে সবশেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচের চারটিতে জিতেছে নর্থ মেসিডোনিয়া। দারুণ এই পথচলায় নতুন ইতিহাস গড়তে মাত্র আরেকটি জয় চাই দলটির।
ক্রিশ্চিয়ানো রোনালদোর চোখে ম্যাচটি জীবন-মরণের। সোমবারের সংবাদ সম্মেলনে তিনি বললেন, পর্তুগালকে ছাড়া বিশ্বকাপ নেই, তাছাড়া এখানে কোনো আলাদা ব্যক্তিও নেই, আমরা সবাই একটি গ্রুপ।
ঘরের মাঠে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড নিজেদেরই ফেভারিট মানছেন। তিনি বলেছেন, একটি ফাইনাল এবং আমরা তৈরি। ফেভারিট কি না? আমি সবসময় নিজেদের ফেভারিট বিবেচনা করি, সেটা হোক ঘরের মাঠে কিংবা প্রতিপক্ষের মাঠে।
ইতিবাচক থাকার বিকল্প কিছু দেখছেন না রোনালদো, আমরা জেনে গেছি যে যদি আমরা জিতি, আমরা বিশ্বকাপে যাব। যদি হারি, তো বাদ। আমাদের ইতিবাচক হওয়া ও জেতার দায়িত্ব। চাপ সবসময় থাকে। আমি ভালো বোধ করছি, সবসময়ের মতো। আরেকটি দিন, যে দিনটার জন্য আমি প্রস্তুত।
পালেরমোতে ইতালিকে হারানো নর্থ মেসিডোনিয়া অন্য সবার মতো রোনালদোকেও বিস্মিত করেছে। সিআরসেভেন বলেছেন, তারা অনেক ম্যাচে প্রতিপক্ষকে অবাক করেছে। কিন্তু আমি বিশ্বাস করি কাল তারা আমাদের বিস্মিত করতে পারবে না। পর্তুগাল তাদের চেয়ে ভালো খেলবে এবং আমরা বিশ্বকাপে যাব। আমাদের জন্য এই ম্যাচ জীবন-মরণের।
বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে শেষ ১৯ ম্যাচে প্রতিটিতে অন্তত একটি করে গোল করেছে পর্তুগাল। অপরদিকে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতে জালের দেখা পেয়েছে নর্থ মেসিডোনিয়া। তাই পর্তুগালের মাঠে ফুটবল ভক্তদের জন্য দারুণ এক মহারণ উঁকি দিচ্ছে।
এ পর্যন্ত ২০টি দল সরাসরি কাতার বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক হিসেবে কাতার, ইউরোপ থেকে ১০টি দল, কনকাকাফ অঞ্চল থেকে একটি, লাতিন আমেরিকা ও এশিয়া অঞ্চলের ৪টি করে দল জায়গা করেছে। রাতে ইউরোপ থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করবে দুটি দল।
আফ্রিকান অঞ্চলের ১০টি দলও প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আজ রাতে। এখান থেকে ৫টি দল বিশ্বকাপের টিকিট কাটবে।










