এবারের আইসিসি টি২০ বিশ্বকাপ আসরে সবচেয়ে উন্মাদনা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ২৪ অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের সেই মহাযজ্ঞে ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারায় পাকিস্তান।

১৯৯২ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচে এই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হার ভারতের। সেই ক্ষত কাটিয়ে উঠতে মাঝে সাতদিনের বিশ্রাম পেয়েছেন কোহলি-রোহিতরা। রোববার ফের মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল, সামনে নিউজিল্যান্ড। কিউইরাও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। আজ তাই পাকিস্তানের কাছে পরাজিত দুই দলের লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

বিশ্বকাপে দুবারের দেখায় দুবারই জিতেছে নিউজিল্যান্ড। সব মিলে, টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ বারের মুখোমুখিতে নিউজিল্যান্ড ৮টিতে ও ভারত ৮টিতে জিতেছে। যদিও ভারতের জয় পাওয়া দুটি ম্যাচ প্রথমে ‘টাই’ হয়, পরে তারা এক ওভারের এলিমিনেটরে জিতে যায়। রোববার এগিয়ে যাওয়ার সুযোগ উভয় দলের জন্যই।

শক্তিশালী এ দুটি দলকে আজ প্রতিপক্ষ ছাড়াও ভাবতে হচ্ছে রাতের শিশির নিয়েও। সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে চলতি এই আসরে শুক্রবার পর্যন্ত সুপার টুয়েলভে সম্পন্ন হওয়া ১২টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই পরে ব্যাট করা দল জিতেছে! পরে ব্যাট করে জেতা ১০টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচেরই ফয়সালা হয়েছে এক ওভার, বা তার বেশি বাকি থাকতে। নয়টি ম্যাচের ফয়সালা হয়েছে পাঁচ, বা তার বেশি উইকেটে। অর্থাত্ পরিসংখ্যান থেকে স্পষ্ট, প্রথমে ফিল্ডিং করা দল বিরাট সুবিধা পাচ্ছে শারজা, আবু ধাবি ও দুবাইয়ের মাঠ থেকে।

এ কারণে শুক্রবার পর্যন্ত ১২টি ম্যাচের মধ্যে নয়টিতে যিনি টস জিতেছেন, তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি তিনটি ম্যাচে টস জিতে সংশ্লিষ্ট অধিনায়ক প্রথমে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নিলেও তার দুটি ম্যাচেই হারতে হয়েছে।

এই শিশিরের কারণেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কৌশল কাজে লাগাচ্ছে ভারতীয় দল। এত দিন পর্যন্ত উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ভেজা বলে অনুশীলন করেন শুধু ব্যাটসম্যানরা। কিন্তু এখন যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তীরাও ভেজা বলে অনুশীলন করছেন। লক্ষ্য একটাই, ম্যাচ চলাকালীন শিশির পড়লে বলের যে অবস্থা হয়, অনুশীলনেও সেই পরিবেশ তৈরি করা, যাতে ভিজে বল কী করে ধরতে হয়, সেটা রপ্ত করতে পারেন ভারতীয় বোলাররা।

এদিকে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করছেন কিউই পেসার ট্রেন্ট বাল্ট। এক্ষেত্রে তিনি পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির বোলিং কৌশলকে কাজে লাগাতে চান। শাহিন ভয়ংকর সুইং ও গতি দিয়ে ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানের ১০ উইকেটে জয়ের ভিত গড়ে দেন।

শনিবার অনুশীলনের পর সংবাদ সম্মেলনে ট্রেন্ট বোল্ট বলেন, একজন বামহাতি হিসেবে ওই রাতে শাহিন যেভাবে বোলিং করেছে, আমার কাছে তা বিস্ময়কর মনে হয়েছে। ভারতের ব্যাটিংয়ের গভীরতা সবার জানা, কাজেই আমাদের লক্ষ্য হলো বোলিং ইউনিট হিসেবে দ্রুতই উইকেট তুলে নেয়া। এখানে বল সুইং করছে। আমি আশা করব, শাহিন যেভাবে সফলতা পেয়েছে আমিও সেটি করতে চাইব।

৩২ বছর বয়সী ফাস্ট বোলার আরো বলেন, এটা দুই দলের জন্যই বড় ম্যাচ। আমি নিশ্চিত, দুই দলই সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করবে।  

রোববার বিকালের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে আফগানিস্তান। উভয় দলই হারিয়েছে স্কটল্যান্ডকে। এবার দ্বিতীয় জয়ের খোঁজে নামছে দল দুটি।