বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে এরই মধ্যে ঢাকা পৌঁছেছেন জাতীয় দলের সাবেক অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স। তাই অনুমেয় ছিল, দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে আর ব্যাটিং কোচের পদে রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাশওয়েল প্রিন্স। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন (আইএলও) জানিয়েছে এ খবর।

এর অর্থ চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ও আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রিন্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন মিডিয়াকে এ ব্যাপারে বলেন, আমরা কিছুক্ষণ আগে তার পদত্যাগের ই-মেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯ ম্যাচ খেলা অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন গত বছর জুলাইয়ে। তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকার মিডিয়া জানায়, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই মূলত বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রিন্স।