নতুন মৌসুমে চেলসির হয়ে খেলতে চলেছেন একুয়েডরের ময়েজেস কাইসেডো। এ ব্রাইটন মিডফিল্ডারকে দলে পেতে সাড়ে ১১ কোটি পাউন্ডের (প্রায় ১ হাজার ৬০৫ কোটি টাকা) চুক্তিতে সম্মত হয়েছে দলটি। খবর বিবিসি।

 

অবশ্য এর আগে বড় অঙ্কের আরেকটি প্রস্তাব পান ২১ বছর বয়সী কাইসেডো। গত ১১ আগস্ট তাকে পেতে লিভারপুল ১১ কোটি ১০ পাউন্ডে প্রস্তাব দেয়।

 

বড় অঙ্কের চুক্তিতে চলতি বছরে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ রেকর্ড ভাঙতে চলেছে চেলসি, যারা গত মৌসুমে ৬০ কোটি পাউন্ড খরচ করে দল গুছিয়েও লিগে ব্যর্থ হয়েছে। গত জানুয়ারিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১০৭ মিলিয়ন পাউন্ডে কিনে রেকর্ড গড়ে ব্লুজরা। সেই রেকর্ড এবার ভাঙতে চলেছে কাইসেডোর চুক্তিতে।

 

কাইসেডো ২০২১ সালের ফেব্রুয়ারিতে লাতিন দেশ একুয়েডরের ইন্ডিপেন্ডেন্ট দেল ভাল্লে থেকে ৪০ লাখ পাউন্ডের চুক্তিতে ব্রাইটনে যোগ দেন। যদিও ২০২২ সালের এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি তার।

 

ব্রাইটন এই গ্রীষ্মে কাইসেডোর জন্য ১০ কোটি পাউন্ডের বেশি ফি নির্ধারণ করেছিল। তাদের ধারণা ছিল, কেউই এই অঙ্কটার পেছনে ছুটবে না। যদিও তাদের ধারণা ভুল প্রমাণ করে প্রথমে লিভারপুল ও পরে চেলসি রেসে নামে। অবশেষে ব্লুজরাই জয়ী হলো। চেলসি এর আগে ৮ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল।

 

চলতি গ্রীষ্মে চেলসির অষ্টম সাইনিং কাইসেডো। তার আগে চেলসি দলভুক্ত করেছে অ্যাক্সেল দিয়াসাই, ক্রিস্টোফার এনকুনকু, নিকোলাস জ্যাকসন, লেসলি উগোচুকবু, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল, রবার্ট সানচেজ ও দিয়েগো মোরেইরা। গত মৌসুমে ১২তম হওয়া চেলসিকে শীর্ষ চারে ফেরাতে মরিয়া ম্যানেজমেন্ট।

 

এদিকে, গতকাল রোববার (১৩ আগস্ট) লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করেছে চেলসি।