আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি গত আসরের চেয়ে ৭৫ শতাংশ বৃদ্ধি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব মিলিয়ে এবারের আসরে প্রাইজমানি দেয়া হবে ৩৫ লাখ ডলার। যা ইংল্যান্ডে অনুষ্ঠিত গত আসরে ছিল ২০ লাখ ডলার। প্রাইজমানি বেড়েছে ১৫ লাখ ডলার। আজ এক বিজ্ঞপ্তিতে প্রাইজমানি বৃদ্ধির এ খবর দিয়েছে আইসিসি।

 

এবারের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১৩ লাখ ডলার। যা ২০১৭ সালের বিশ্বকাপের চেয়ে দ্বিগুণ। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছিল ৬ লাখ ৬০ হাজার ডলার। সেবার রানার্সআপ দল পায় ৩ লাখ ৩০ হাজার ডলার। এবারের রানার্সআপ দলকে দেয়া হবে ৬ লাখ ডলার।

 

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য থাকছে সমান ৩ লাখ ডলার করে। আর প্রথম রাউন্ডে বাদ পড়া চার দলের জন্য থাকছে ৭০ হাজার ডলার করে পুরস্কার। গত আসরে প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর জন্য ছিল ৩০ হাজার ডলার করে। এর বাইরে প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ২৫ হাজার ডলার করে পাবে দলগুলো। এভাবে প্রথম রাউন্ডের ২৮ ম্যাচে উইনিং বোনাস হিসেবে দেয়া হবে মোট ৭ লাখ ডলার।

 

আট দলের অংশগ্রহণে এবারের আসরে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন ফরম্যাটে। অর্থাত্ অংশগ্রহণকারী দলগুলো নিজেদের মধ্যে খেলবে একটি করে ম্যাচ। পরে সেমিফাইনালের দুই ও ফাইনাল মিলে মোট ৩১টি ম্যাচ হবে বিশ্বকাপে।

 

এবারের আসর দিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হচ্ছে বাংলাদেশ দলের। বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আইসিসি