বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৮ রান তাড়া করে ৫ উইকেটে জিতেছে ফরচুন বরিশাল। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলেছে বরিশাল। দুই দলেরই ঝুলিতে ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট করে। অবশ্য রংপুর পরপর দুটি ম্যাচে হেরে যাওয়ায় সুবিধা নিয়েছে বরিশাল।

আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৭ রান তোলে খুলনা। জবাব দিতে নেমে ডেভিড মালান (৩৭ বলে ৬৩), তামিম ইকবাল (২৫ বলে ২৭), মুশফিকুর রহিম (১৭ বলে ২৪), মাহমুদউল্লাহর (১৩ বলে ২৭) ব্যাটে জিতেছে বরিশাল। ৭ উইকেট হাতে নিয়ে ২৪ বলে ৩৭ রানের প্রয়োজন ছিল বরিশালের। তখন পরপর দুই বলে মুশফিক ও মাহমুদউল্লাহ বিদায় নিলে আশা জাগে খুলনার। যদিও পরের ১৬ বলে বাকি ৩৬ রান তুলে মিরাজদের আশা শেষ করে দেন ফাহিম আশরাফ (৬ বলে ১৮*) ও মোহাম্মদ নবি (১০ বলে ১৫*)।

এর আগে ৫ উইকেটে ১৮৭ রানের লড়াকু স্কোর গড়ে খুলনা। উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান তুলে ভিত গড়ে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাঈম শেখ। মিরাজ ১৮ বলে ২৯ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। দ্বিতীয় উইকেটে অ্যালেক্স রসকে (১৫ বলে ২০) নিয়ে ৫২ রান যোগ করে সাজঘরের পথ ধরেন নাঈম। তিনি ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন। এরপর আফিফ হোসেন (২৭ বলে ৩২), উইলিয়াম বোসিস্টো (১৬ বলে ২০*) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (১২ বলে ২৭*) ব্যাটে ভর করে ১৮৭ রানের পুঁজি পায় খুলনা।

এই হারে প্লে-অফে খেলার আশা প্রায় শেষ খুলনার। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে দুর্বার রাজশাহী, আর চট্টগ্রাম কিংস ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে।

আজ সন্ধ্যায় সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। এই ম্যাচে রাজশাহী জিতলে খুলনার প্লে-অফে ওঠার কাজটা কঠিন হয়ে যাবে।