বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী খেলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। তার দলটি এবার প্রিমিয়ার লিগে ওঠার রেসে দারুণভাবে এগিয়ে ছিল। যদিও শেষদিকে এসে কিছুটা পিছিয়ে পড়ে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ হারায়। কিন্তু সুযোগ শেষ হয়ে যায়নি। এখন প্লে-অফ খেলে তারা পেতে পারে প্রিমিয়ার লিগের আরাধ্য টিকিট।

প্লে-অফ সেমিফাইনালে শেফিল্ড খেলছে ব্রিস্টল সিটির সঙ্গে। আরেক সেমিফাইনালে সান্ডারল্যান্ডের প্রতিপক্ষ কভেন্ট্রি সিটি। প্রথম লেগে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়েছে শেফিল্ড। এতে তাদের ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত। সোমবার পরের লেগে দুই গোলে হারলেও তারা পৌঁছে যাবে ফাইনালে। এরপর থাকবে ফাইনালের ‘হার্ডল’ যেটি সফলভাবে পেরিয়ে গেলেই প্রিমিয়ার লিগ।

ফাইনালে উঠলে প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে ২৪ মে ওয়েম্বলিতে মুখোমুখি হবে সান্ডারল্যান্ড বা কভেন্ট্রি সিটির। সুবিধাজনক অবস্থানে রয়েছে সান্ডারল্যান্ড। কভেন্ট্রির মাঠে প্রথম লেগটা ২-১ গোলে জিতে নিয়েছে তারা। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ন্যূনতম ড্র করলেই ওয়েম্বলি ফাইনালের টিকিট পাবে তারা।

চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি মৌসুমে তিনটি দল প্রিমিয়ার লিগে ওঠে, সমান তিনটি দল প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে সেই জায়গা পূরণ করে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সরাসরি ওঠে শীর্ষ লিগে। এবার সর্বোচ্চ ১০০ পয়েন্ট করে নিয়ে প্রথম দুটি স্থান দখল করে লিডস ইউনাইটেড ও বার্নলি। ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগে এই দুই দলের সঙ্গী হতে পারে প্লে-অফ খেলা চার দলের মধ্যে সেরা দলটি।

চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দলকে নিয়ে হয় প্লে-অফ। প্রথমে দুই লেগের সেমিফাইনাল। এরপর এক ম্যাচের ফাইনাল। শেফিল্ড ৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে যেখানে তাদের প্রতিপক্ষ ৬৮ পয়েন্ট ষষ্ঠ হওয়া ব্রিস্টল সিটির।

শেফিল্ড এবার প্রিমিয়ার লিগে উঠতে না পারলে হামজা চৌধুরীকে চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে, যদি না প্রিমিয়ার লিগের কোনো ক্লাব তাকে দলভুক্ত করে। কারণ মূল দল লেস্টার ও শেফিল্ড দুটিই তখন চ্যাম্পিয়নশিপে থাকবে। এখন তাকে প্রিমিয়ার লিগে খেলতে হলে শেফিল্ডকে শীর্ষ লিগে উঠতে হবে।

হামজা চৌধুরী ২০২৫ সালের শুরুতেও খেলেছেন প্রিমিয়ার লিগে। জানুয়ারির শেষ দিকে লেস্টার সিটি থেকে ধার চুক্তিতে যোগ দেন শেফিল্ডে। চুক্তিটা ছয় মাসের।

গত মার্চে লাল-সবুজ জার্সিতে অভিষেক ঘটে ইংল্যান্ডে জন্ম নেয়া ২৭ বছর বয়সী হামজার। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই দুর্দান্ত খেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

হামজাকে বিদায় দেয়া লেস্টার সিটির অবস্থান শোচনীয়। গতকাল পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে মাত্র ৫ জয়ে ২১ পয়েন্ট পাওয়া দলটি এরই মধ্যে অবনমিত হয়ে গেছে চ্যাম্পিয়নশিপে। হামজার ধার চুক্তির মেয়াদও শেষ হচ্ছে। তবে শেফিল্ড চাইলে তাকে চুক্তি করে রেখে দিতে পারে। শেফিল্ড প্রিমিয়ার লিগে ওঠার পর দলটি তার চুক্তি নবায়ন করলে পরের মৌসুমে প্রিমিয়ার লিগে দেখা যাবে বাংলাদেশী তারকাকে।

হামজাকে পছন্দ করেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। ২০২২-২৩ মৌসুমে লেস্টার হামজাকে যখন ধারে ওয়াটফোর্ডে পাঠায়, তখন সেই দলটির কোচ ছিলেন ওয়াইল্ডার। একই কোচ সুযোগ পেয়ে এ বছর হামজাকে নিয়ে এসেছেন শেফিল্ডে। তাকে নিয়মিত খেলাচ্ছেনও শেফিল্ড কোচ। দলটি প্রিমিয়ার লিগে উঠলে হামজাকে রেখে দেয়ার সম্ভাবনাই বেশি। ব্রিস্টলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে হামজা খেলেন পুরো ৯০ মিনিট। তার ওপর শেফিল্ড ইউনাইটেড কোচের পুরো আস্থা রয়েছে।

এদিকে প্রথম লেগে হেরেও আশা হারাচ্ছেন না কভেন্ট্রির হেড কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তার মতে, এটা তো কেবল ‘হাফ টাইম’। সাবেক ইংলিশ গ্রেট বলেন, ‘আমি চ্যাম্পিয়নস লিগে বহু দুই লেগের ম্যাচ খেলেছি। কাজেই এটা আমি বুঝি যে প্রথম লেগ শেষেই খেলা শেষ হয়ে যায়নি। এটা নিশ্চিত। সান্ডারল্যান্ডও জানে, এটা কিন্তু শেষ নয়। এটা হাফ টাইম। আসলে ফুটবলটা সহজ নয়। আমরা পিছিয়ে এবং তারা ফেভারিট। এটা একটা দারুণ চ্যালেঞ্জ আমাদের জন্য।’