বিপিএলের ঢাকা পর্ব গতকাল (বৃহস্পতিবার) শুরু হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটারদের বয়কটের ডাকে বিপিএলের দুই ম্যাচ মাঠে গড়াতে পারেনি। দিনভর নাটকের পর রাতে সুরাহা হয়। আজ (শুক্রবার) থেকে মাঠে ফিরতে রাজি হয়েছেন ক্রিকেটাররা।

ফলে বৃহস্পতিবারের ম্যাচ দুটো মাঠে গড়াবে আজ (শুক্রবার)। গতকাল খেলা দেখতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হাজারখানেক দর্শক। ম্যাচ না হওয়ায় ক্ষোভে স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করেন তারা। ক্ষুব্ধ দর্শকদের জন্য সুখবর, গতকালের টিকিট দিয়েই আজকের ম্যাচ দেখতে পারবেন তারা।

গতকাল দুপুরে চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হওয়ার কথা ছিল। যা যথাক্রমে আজ দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি বলছে, যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। যদিও এদিন অনুষ্ঠিত হবে আগেরদিনের স্থগিত দুই ম্যাচ। দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে।

একইভাবে আজ ও আগামীকালের (শনিবার) ম্যাচ দুটিও একদিন করে পিছিয়ে দেয়া হয়েছে। পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগপর্ব। একইভাবে পাল্টে গেছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের দ্বাদশ আসর শেষ হবে।

এদিকে, টিকিটের অর্থ ফেরতের নিয়ম জানিয়ে বিসিবি বলছে, যারা ১৫ জানুয়ারি বিপিএলের নির্ধারিত ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন। দর্শকরা বিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন, সেখান থেকে ফেরত পাবেন অর্থ। এজন্য এ ওয়েবসাইট এবং +880 9606-501231 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।