জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ স্পেনের হাভিয়ের কাবরেরা। গতকাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করেন কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। যদিও ৩৭ বছর বয়সী কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি মাত্র ১১ মাসের।

তিনি বাংলাদেশের ২৩তম বিদেশী কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়। এই প্রথম জাতীয় দলের কোচ হলেন তিনি। সর্বশেষ স্প্যানিশ লা লিগার ক্লাব আল-আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন উয়েফা ‘প্রো লাইসেন্সধারী’ এই কোচ। সেখানে ২০২০ সালের অক্টোবর থেকে কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

নতুন কোচের অধীনে ইন্দোনেশিয়ায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ জানুয়ারি।