অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ফিফটিতে ভর করে
প্রথম টি২০তে শ্রীলংকাকে হারিয়ে দেয় বাংলাদেশ। সেটা ছিল ৯ বছর পর শ্রীলংকার
বিপক্ষে প্রথম টি২০ জয়। কিন্তু আজ বৃহস্পতিবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই
করতে পারল না বাংলাদেশের মেয়েরা। মাত্র ১০০ রানের পুঁজি গড়া অতিথি দল হেরেছে ৭
উইকেটের বড় ব্যবধানে।
শামীমা সুলতানা (১৮), রুবাইয়া হায়দার (১৬) ও সোভানা
মোস্তারির (১৮) কল্যাণে একটি পর্যায়ে এক ১ উইকেটে ৫২ রান তুলে ভালো সংগ্রহের
ইঙ্গিত দেয় বাংলাদেশ। যদিও এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১০০ রানে
অলআউট সফরকারীরা। ইনোকা রানাবিরা, কাবিশা দিলহারি, উদেশিকা প্রাবোধানি ও সুগন্ধিকা
কুমারি প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে চামিরা আতাপাত্তু (৩৩),
হার্শিথা সামারাবিক্রমা (২৯*) ও দিলহারির (২০*) ব্যাটে ভর করে ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত
করে শ্রীলংকা। ফাহিমা থাকুন ১৬ রানে দুটি উইকেট নেন।
আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ কলম্বোয়।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বৃষ্টির বাগড়া মাত্র একটি সম্পন্ন হতে পেরেছে,
যাতে জয় পায় শ্রীলংকা।










