বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চলতি মৌসুমে টানা ১২তম জয় তুলে নিল
বসুন্ধরা কিংস। আজ নিজেদের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় উত্তর বারিধারাকে ৬-০
গোলে বিধ্বস্ত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধেও সমানসংখ্যক গোল করে
বসুন্ধরা। দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধ সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে
শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
কিংস অ্যারেনায় ম্যাচের ২৬ মিনিটে মিগুয়েল ফেরেইরা গোলমুখ খোলেন। ৩০
মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন সোহেল রানা। গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মুরং ৩৮
মিনিটে গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দলটি। বিরতির পর গোল পেতে অনেক সময়
নিয়েছে বসুন্ধরা। অবশ্য খেলার শেষ ছয় মিনিট থেকে আসে বাকি তিনটি গোল। ৮৭ মিনিটে
তৌহিদুল আলম সবুজ দলের চতুর্থ গোল করেন। ইনজুরি টাইমে খোকন মিয়া আত্মঘাতী গোল
করেন। এরপর আতিকুর রহমান ফাহাদের লক্ষ্যভেদে ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে
কিংস।
এই জয়ে বসুন্ধরা কিংস ১৩ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে লিগ
টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। এক ম্যাচ কম
খেলে ২৫ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা আবাহনী।










